ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন
গ্রামের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করুন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গ্রামের সাধারণ মানুষের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির জন্য দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ব্র্যাক ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তনে ভাষণদানকালে এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, গ্রামে বসবাসকারী অভিভাবকেরা বেসকরারি বিশ্ববিদ্যালয়ে তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যয় মেটাতে অসমর্থ হওয়ায় দেশের জনগণের বৃহত্ অংশ উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।সমাবর্তনে মোট ১৭৪৯ জন শিক্ষার্থীর মধ্যে যথাক্রমে ১১৬১ জন ও ৫৮৮ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে শিক্ষাক্ষেত্রে অনন্য ফলাফলের জন্য নুবাহা মাহবুব ও ম্যাথিউ জেমস রীভকে চ্যান্সেলরের পদক দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুলের ‘পাবলিক পলিসি’ বিষয়ের প্রভাষক (লেকচারার) মার্থা অলটার চেন ‘সমাবর্তনের বক্তা’ (কনভোকেশন স্পিকার) হিসেবে বক্তৃতা করেন। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হাসান আবেদ ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামিলুর রেজা চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়কে তাদের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, গুণগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার মানে আমরা পিছিয়ে নেই। তিনি বিশ্ববিদ্যালয়কে ‘উত্কর্ষ সাধনের কেন্দ্র’ (সেন্টার অব এক্সসেলেন্স) হিসেবে উল্লেখ করে বলেন, সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষা কার্যক্রম যেন কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ হয়ে না পড়ে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।’জিল্লুর রহমান আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাক্রমে কলা, বাণিজ্য ও বিজ্ঞানের মৌলিক বিষয়ের পাশাপাশি ২১ শতকের উপযোগী প্রায়োগিক বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। রাষ্ট্রপতি নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, তারা তাদের মেধা, মনন ও কর্ম দিয়ে বাংলাদেশের প্রভূত সম্ভাবনাকে কাজে লাগাবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমান সরকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ প্রণয়ন করছে। মন্ত্রী বলেন, গুণগত শিক্ষা প্রদানে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের নিয়মকানুন মেনে চলবে, সেগুলোকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।ফজলে হাসান আবেদ বলেন, শৃঙ্খলা ও কঠোর শ্রমের মূল্য অনুধাবনে বিশ্লেষণধর্মী মনন-মেধার বিকাশ গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্ভাব্য উন্নত (স্নাতকোত্তোর) শিক্ষা প্রদানের চেষ্টা করছে। অধ্যাপক জামিলুর বলেন, সমসাময়িক বিষয়ে ডিগ্রি প্রদানের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে।