গ্রামের শিক্ষার্থীদের প্রতিযোগী করে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, শহরের শিক্ষার্থীরা নানা ধরনের শিক্ষাসহায়ক সুবিধা পায়। পরীক্ষার ফলাফলও তারা ভালো করে। অথচ গ্রামের ছেলেমেয়েরা সেই সুবিধা পায় না বলে পিছিয়ে যাচ্ছে। শহর ও গ্রামের শিক্ষার পরিবেশের মধ্যে ব্যবধান দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। গ্রামের শিক্ষার্থীদের প্রতিযোগী করে তুলতে হবে, যাতে শহরের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে না থাকে।

গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে জেলা পরিষদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী মোশাররফ এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন দিয়েছেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘হঠাৎ করে ম্যাডামও ভিশন নিয়ে এসেছেন। তাঁর ছেলেরা দেশের টাকা লন্ডন আর সিঙ্গাপুরে নিয়ে গেছেন। লুটপাট করে দেশকে পিছিয়ে দেয় বিএনপি।’

দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি বসে নেই। এরা ষড়যন্ত্রে লিপ্ত। এদের প্রতিহত করে দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত করতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন অধিকারী, পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওয়াহাব, মহিলা সদস্য রেহেনা ফেরদৌস চৌধুরী।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা কার সঙ্গে চলাফেরা করছে, তা অভিভাবকদের দেখার দায়িত্ব। তাদের শুধু শিক্ষিত নয়, সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সুশিক্ষিত ও নৈতিক শিক্ষায় শিক্ষিত তরুণেরা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই সুশিক্ষা এবং নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে।’

চট্টগ্রাম জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে চলতি অর্থবছরে কলেজ ও মাদ্রাসার ৪০৫ শিক্ষার্থীকে জনপ্রতি পাঁচ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় ও সমমানের ৬১ শিক্ষার্থীকে জনপ্রতি ছয় হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দিয়েছে।