গ্রামের শিক্ষার্থীদের হাতে বিনে পয়সায় প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এগিয়ে যাও, এগিয়ে দাও’ কর্মসূচির আওতায় খুলনার প্রত্যন্ত এলাকার দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রথম আলো তুলে দেওয়া হয়েছে। আগামী এক বছর বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা প্রতিদিন ৬৫ কপি প্রথম আলো পত্রিকা বিনা মূল্যে পাবে।
এ দুটি বিদ্যালয় হলো দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও পাইকগাছা উপজেলার হরিদাসকাটি বেগম জালাল উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
সংবাদপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার বার্তা ছড়িয়ে দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড ও প্রথম আলো এ উদ্যোগ নিয়েছে। গত শনিবার থেকে বিদ্যালয় দুটিতে এ সুবিধা চালু হলেও আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার এর উদ্বোধন করা হয়।
হরিদাসকাটি বেগম জালাল উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উপজেলা একাডেমিক সুপারভাইজার নূর-এ-আলম সিদ্দিকী। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, প্রথম আলোর খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান ও বিদ্যালয়টির শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নূর-এ-আলম সিদ্দিকী বলেন, প্রথম আলো এখন শুধু একটি পত্রিকা নয়। এটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাচ্ছে প্রথম আলোর সেবা। প্রত্যন্ত গ্রামের অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো সংবাদপত্র কী, তা জানে না। প্রথম আলো যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে শিক্ষার্থীদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ হবে। পাশাপাশি পত্রিকাটির পড়াশোনা পাতায় প্রকাশিত বিভিন্ন স্বনামধন্য স্কুল-কলেজের শিক্ষকদের গঠনমূলক আলোচনা পাঠ সহায়ক হিসেবে কাজ করবে। এতে শিক্ষার মানোন্নয়ন হবে।
এমটিবি ও প্রথম আলোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, ‘প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের অনেকেরই পত্রিকা কিনে পড়ার সামর্থ্য নেই। তাই এমন উদ্যোগে আমরা সত্যিই খুশি। এতে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ আরও বাড়বে।’