এবারের এইচএসসি পরীক্ষায় বরগুনা জেলায় ১৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৫৮ দশমিক ২৫ ভাগ।ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবারের পরীক্ষায় শহরের চেয়ে গ্রামের কলেজগুলোর ফলাফল অপেক্ষাকৃত ভালো। তবে পাসের হার বিবেচনায় জেলার সার্বিক ফলাফলে এবার বিপর্যয় দেখা দিয়েছে। তবে পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামে অবস্থিত সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ২০-এর মধ্যে ১৫তম স্থান অধিকার করেছে। এই কলেজ থেকে এবার ২৯০ জন পরীক্ষা দিয়ে ২৭৫ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৮৩ ভাগ। জেলায় এ কলেজটি থেকেই সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী পাস করেছেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় জেলার ২৪টি কলেজ থেকে চার হাজার ৫৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন দুই হাজার ৬৩৯ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন। এর মধ্যে মেয়ে ৮১ ও ছেলে ৬০ জন। জেলায় সর্বাধিক সংখ্যক জিপিএ-৫ পেয়েছেন আমতলী ডিগ্রি কলেজ থেকে ৩২ জন শিক্ষার্থী। এই কলেজ থেকে ৫২০ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৭৫ জন পাস করেন। জিপিএ-৫ এর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাথরঘাটা ডিগ্রি কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২২ জন। কলেজটির ৩১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, পাস করেছেন ২১৯ জন। তৃতীয় অবস্থানে রয়েছে বরগুনা সরকারি কলেজ। এই কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন। কলেজটি থেকে এবার ৫০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ৩০২ জন। এ ছাড়া জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছে বেতাগী ডিগ্রি কলেজ। এখান থেকে ১৫ জন, তালতলী ডিগ্রি কলেজ থেকে ১২ জন, বামনা আসমাতুন নেসা মহিলা কলেজ থেকে আটজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দেখা যায়, সার্বিক ফলাফলে জেলায় পাসের হার ৫৮ দশমিক ২৬ হলেও পাথরঘাটার লেমুয়া সৈয়দ ফজলুল হক কলেজে পাসের হার ৯৪ দশমিক ৮৩। পাথরঘাটা ডিগ্রি কলেজে এই হার ৬৮ দশমিক ৮৭। সেখানে জেলা সদরের বরগুনা সরকারি কলেজে পাসের হার ৫৮ দশমিক ৬৪ এবং বরগুনা সরকারি মহিলা কলেজে ৫২ দশমিক ৫০। শহর অপেক্ষা গ্রামের কলেজগুলোতে ভালো ফলাফল করার কারণ জানতে চাইলে বরগুনা সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান লিয়াকত জুয়েল প্রথম আলোকে বলেন, ‘বরগুনা সরকারি কলেজে বিভিন্ন পরীক্ষার কেন্দ্র থাকায় বছরের ছয় মাস কলেজটি বন্ধ রাখতে হয়। এ ছাড়া কলেজে ৪৬ জন শিক্ষকের স্থলে আছেন ৩৪ জন। শিক্ষক স্বল্পতার কারণে এখানে পাঠদান ব্যাহত হচ্ছে। মূলত এসব কারণেই ফলাফলে প্রভাব পড়েছে।’