গ্রামের শিক্ষার্থীরা শহরের স্কুলে ভর্তি থেকে বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের ফাঁদে পড়ে এ বছর বগুড়ার দুটি সরকারি বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামাঞ্চলের অভিভাবকেরা। হরতাল-অবরোধে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রামের অভিভাবকেরা এবার সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্রই সংগ্রহ করতে পারেননি।
গত বছর শহরের সরকারি দুটি বিদ্যালয়ে ৪৬০ আসনের বিপরীতে প্রায় চার হাজার ৪০০ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিয়েছিল। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার কমেছে। গতকাল শুক্রবার থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে এ ভর্তিযুদ্ধ শুরু হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে বগুড়া জিলা স্কুলের ভর্তি পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ২৭ ডিসেম্বর নেওয়া হবে।
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও তৃতীয় শ্রেণীর ২৩০ আসনে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। গত বছর ওই আসনে আবেদন পড়েছিল দুই হাজারের মতো। কিন্তু এবার রাজনৈতিক কর্মসূচির কারণে অনেক অভিভাবকই তাঁদের সন্তানদের জন্য ভর্তির আবেদনপত্র সংগ্রহ করতে পারেননি। এবার ওই আসনে ভর্তির জন্য আবেদন পড়েছিল এক হাজার ৫৫০টি। এর মধ্যে গতকাল দেড় হাজারের মতো শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
জয়পুরহাটের কালাই উপজেলার অভিভাবক মো. সামছুজ্জোহা জানান, সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য তিনি তাঁর মেয়েকে প্রস্তুতিমূলক কোচিং করান। কিন্তু এক মাস ধরে টানা হরতাল-অবরোধে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তিনি ভর্তির আবেদন সংগ্রহ করতে পারেননি।
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন জানান, গ্রামের অভিভাবকদের কথা বিবেচনায় নিয়ে এবার অনলাইনে ভর্তির আবেদন ছাড়া হয়েছিল। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেকেই সেসব আবেদন বিদ্যালয়ে জমা দিতে পারেননি।
বগুড়া জিলা স্কুল সূত্রে জানা গেছে, এবার তাদের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ২৩০ আসনের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে এক হাজার ৮৩৮ জন শিক্ষার্থী। অথচ গত বছর সমানসংখ্যক আসনে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছিল দুই হাজার ৪০০ শিক্ষার্থী।
বগুড়ার পিরব এলাকার অভিভাবক মিজানুর রহমান জানান, তাঁর ছেলেকে তিনি এবার বগুড়া জিলা স্কুলে ভর্তি করাতে চেয়েছিলেন। এ জন্য অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্রও সংগ্রহ করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ থাকায় তিনি সেই আবেদনপত্র জমা দিতে পারেননি। এখন সন্তানকে ভর্তির জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে এবার গ্রামের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।