‘বিদ্যুৎ নাই, রাস্তা নাই, আলো, পানি, ড্রেন কিচ্ছু নাই। হ্যারপরও আমরা সিটি করপোরেশনের বাসিন্দা। গ্রামের সুবিধাও নাই। হ্যারপরও এক টাকার ট্যাক্স দেই ৫০ টাকা। সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা খোঁজও নেয় না।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি এলাকার বাসিন্দা লিয়াকত আলী খান।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ২৩ নম্বর ওয়ার্ডের জসীমউদ্দীন সড়কের দুই পাশ, তাজকাঠী, মজুমদার বাড়ি, উত্তর ও দক্ষিণ সাগরদিসহ অনেক এলাকায় বাড়ি যাওয়ার জন্য রাস্তাই নেই। দু-একটি স্থানে বাসিন্দাদের উদ্যোগে মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। কয়েকটি স্থানে সিটি করপোরেশন মাটির রাস্তার কাজ শুরু করেছে। একমাত্র পাকা সড়কটি পাঁচ মাস ধরে সংস্কারের নামে কুপিয়ে রাখা হয়েছে। বাড়িগুলোতে বিদ্যুৎ, পানি ও নালাব্যবস্থা নেই। কয়েকটি স্থানে খোলা শৌচাগার দেখা গেছে।
বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মোতালেব বলেন, ২৩ নম্বর ওয়ার্ড অনেকটা অনুন্নত। ওই এলাকায় মাত্র পাঁচ কিলোমিটার নালা নির্মাণ করা হয়েছে। আরও কমপক্ষে ২০ কিলোমিটার নালা করা দরকার। আর সড়কও অপ্রতুল। ৩০ থেকে ৪০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা প্রয়োজন। তবে কিছু কাজ শুরু হয়েছে। পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল আলম বলেন, ২৩ নম্বর ওয়ার্ডের মূল সড়কে পানির লাইন থাকলেও সব এলাকায় নেই। তাজকাঠিসহ অন্য এলাকায় পানির লাইন দেওয়ার আগে সড়ক উন্নয়ন জরুরি। উত্তর সাগরদি এলাকার বাসিন্দা মো. নূরুজ্জামান অভিযোগ করেন, ২০০৯ সালে সাবেক মেয়র শওকত হোসেন হিরন জসীমউদ্দীন সড়কটি করে গেছেন। সেটিও এখন চলাচলের অনুপযোগী। এরপর আর কোনো রাস্তা নির্মাণ হয়নি।
২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, ‘এই ওয়ার্ড সব দিক থেকে অবহেলিত। এখানে পানি, বিদ্যুৎ ও সড়কের সমস্যা তীব্র। আমি সদ্য নির্বাচিত হয়েছি। আমার আগে যাঁরা এখানে দায়িত্ব পালন করেছেন, তাঁরা কাজ করেননি। এই ওয়ার্ডের উন্নয়নে কিছু দরপত্র আহ্বান করা হয়েছে। সেই কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য মেয়রের কাছে অনুরোধ জানানো হয়েছে।’
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ২৩ নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। সড়ক নির্মাণের একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই প্রকল্প অনুমোদন হলে কাজ শুরু করা হবে। তবে বিশেষ বরাদ্দ না পাওয়ায় সব এলাকার উন্নয়ন করা সম্ভব হচ্ছে না।