গ্রাম্য বিরোধ, সেচ বন্ধ
রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের বারইপাড়ায় গ্রাম্য বিরোধের জের ধরে ৬৫ জন চাষির বোরোখেতে পানি সেচ দেওয়া বন্ধ রয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ওই চাষিদের অন্তত ৫০ বিঘা জমির আবাদ। তা ছাড়া প্রতিপক্ষের হুমকিতে ওই ৬৫ চাষি সপ্তাহ খানেক ধরে গ্রামছাড়া বলেও জানা গেছে। গতকাল বুধবার বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী চাষিরা এ অভিযোগ করেন।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, একটি বিলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পাঁচ বছর ধরে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের স্থানীয় কর্মী আজিজুল হক ও ইউপি সদস্য মাসুদ রানা এবং অন্য পক্ষে রয়েছেন আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি রিয়াজ উদ্দিন।
গতকাল সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী চাষি জয়নাল আবেদিন বলেন, গত ২৪ ফেব্রুয়ারি গ্রামের বিবদমান দুটি পক্ষের মধ্যে মারামারি হয়। এরই জের ধরে ওই দিন আজিজুল-মাসুদ রানাপক্ষের লোকজন তাঁদের বাড়ি-ঘরে হামলা চালায়। আবারও হামলার ভয়ে এখন তাঁরা ৬৫ জন চাষি গ্রাম ছেড়ে পালিয়ে আছেন।
এদিকে গ্রামের তিনটি গভীর নলকূপের সব কটিরই অপারেটর আজিজুল-মাসুদ রানাপক্ষের লোক। তাঁরা হলেন আজিজুল ইসলাম, আবদুল মালেক ও জয়নাল আবেদিন। হামলার ভয়ে পালিয়ে থাকার সুযোগে প্রতিপক্ষ ওই ৬৫ চাষির ধানখেতে সেচ দেওয়া বন্ধ করে দিয়েছে।
সংবাদ সম্মেলনে জুয়েল রানা, সুমন রেজা, জয়নাল আবেদিন, টিপুসহ অন্তত ১২ জন চাষি অভিযোগ করেন, প্রতিপক্ষরা বেছে বেছে তাঁদের ধানখেতেই শুধু সেচ দেওয়া বন্ধ রেখেছে। পালিয়ে থাকা ৬৫ জনেরই ধানখেতের এই অবস্থা। এই কৃষকদের প্রায় ৫০ বিঘা জমিতে এক সপ্তাহ ধরে সেচ বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন চাষিরা।
সরেজমিনে গতকাল বুধবার দুপুরে এলাকার বাউনবিলে কিছু বোরোখেত চোখে পড়ে, যেগুলোতে সেচ দেওয়া হচ্ছে না। পানি না পেয়ে এরই মধ্যে ওই সব ধানের চারা লালচে রং ধারণ করেছে। ওই সব জমির মাটিও ফেটে গেছে।
একপক্ষের নেতা শুভডাঙ্গা ইউনিয়নের সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় কর্মী মাসুদ রানা বলেন, ‘তারা আমাদের পক্ষের এক লোককে কুপিয়ে জখম করেছে। এই ভয়ে তারা এলাকাছাড়া।’ এসব মানুষের জমিতে পানি সেচ না দেওয়া প্রসঙ্গে মাসুদ আলী বলেন, তাঁরা পালিয়ে থাকায় সেচ দিতে পারছেন না। কিন্তু সেচ দেওয়ার দায়িত্ব অপারেটরদের বলে জানালে আওয়ামী লীগ নেতা অপারেটরদের সঙ্গে কথা বলতে বলেন।
গভীর নলকূপের তিন অপারেটর আজিজুল ইসলাম, আবদুল মালেক ও রমজান আলী প্রতিপক্ষের বোরোখেতে পানি সেচ না দেওয়া প্রসঙ্গে বলেন, তাঁদের জমিতে সেচ না দিতে গ্রাম থেকে নিষেধ রয়েছে। তবে গ্রামের কে তাঁদের নিষেধ করেছে, তা তাঁরা বলেননি।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন আলী বলেন, এক সপ্তাহ ধরে প্রতিপক্ষের ধানখেতে সেচ দেওয়া হচ্ছে না। এটা অমানবিক।
ভুক্তভোগী চাষিদের পক্ষের নেতা রিয়াজ উদ্দিন বলেন, পালিয়ে থাকা চাষিদের জমিতে সেচ না দেওয়াটা মানা যায় না। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ও এলাকাছাড়া লোকদের পক্ষে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে মামলা করে ব্যবস্থা নেওয়া হবে।
রবেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বাগমারা জোনের সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, কৃষকদের জমিতে সেচ দিতেই তাঁদের গভীর নলকূপ। দলীয় কোন্দল থেকে জমিতে পানি সেচ দেওয়া বন্ধ রাখাটা অমানবিক। তবে তিনি ঘটনাটি অবহিত ছিলেন না।