গ্রাম্য মাতব্বরদের রায়ে স্কুলশিক্ষক সমাজচ্যুত!
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গ্রাম্য মাতব্বরদের রায়ে এক স্কুলশিক্ষকের পরিবারকে একঘরে (সমাজচ্যুত) করে রাখা হয়েছে। ১২ দিন ধরে মাতব্বরদের রায়ে ওই শিক্ষক বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদের মৌখিক নির্দেশে গত ২২ ফেব্রুয়ারি মেলার নামে অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য চিলাউড়া হলদিপুর ইউনিয়নের হলিকোনা গ্রামের মেলা আয়োজনকারীদের মেলা বন্ধ রাখার কথা বলি। এতে মেলা আয়োজকেরা ক্ষুব্ধ হয়ে গত ১৬ মার্চ বাঘময়না গ্রামের সুন্দর আলীর সভাপতিত্বে এক সালিস বৈঠক বসিয়ে মেলার ক্ষতিপূরণ বাবদ দুই লাখ ৩৬ হাজার টাকা জরিমানা এবং গ্রামের কোনো পরিবারের সঙ্গে চলাচল না করার নির্দেশ দিয়ে আমার পরিবারকে একঘরে করে রাখার রায় দেন।এ ছাড়া আমি যাতে বাড়িতে না আসতে পারি, এ জন্য তিনজন পাহারাদার নিয়োগ করা হয়েছে।’ আবদুস সামাদ অভিযোগ করে বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে মেলা বন্ধ করার সংবাদ পাওয়ার পর বাঘময়না গ্রামের সুন্দর আলীর নেতৃত্বে আমার পরিবারকে সমাজচ্যুত ঘোষণা দিয়ে একঘরে করে রাখা হয়েছে। আমারও স্কুলপড়ুয়া দুই মেয়ে ভয়ে স্কুলে আসতে পারছে না।’ অভিযুক্ত বাঘময়না গ্রামের সুন্দর আলী বলেন, গ্রাম্য সালিস বৈঠকে বারবার আবদুস সামাদকে ডাকা হলে তিনি বৈঠকে না আসায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওই পরিবারকে গ্রামের সঙ্গে না চলতে বলেছেন। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে আমি স্কুলশিক্ষকের দুই মেয়েকে স্কুলে আসা-যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি বিষয়টি সুরাহা করার জন্য।’ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলশিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।