গ্রাম্য রাজনীতির চক্করে বিদ্যালয়ের বারোটা!
ভবন, বেঞ্চ, চেয়ার, টেবিল কিছুই নেই। মেঝেয় হোগলা পেতে দেওয়া হতো পাঠদান। গত পাঁচ বছর ধরে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল বিদ্যালয়টি। ১৫ দিন ধরে এটি পুরোপুরি বন্ধ রয়েছে।গ্রাম্য রাজনীতি আর বিদ্যালয়ের জমি নির্ধারণ নিয়ে দুই পক্ষের বিরোধের কারণে এ দুরবস্থা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩৮ নম্বর উত্তর গঙ্গাকীর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।সরেজমিনে বিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়টি ধনিয়া ইউনিয়নের গঙ্গাকীর্তি গ্রামে স্থাপন করা হয়। ২০০৬ সালে বিদ্যালয়ের জমি নদীতে বিলীন হয়ে যায়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মহিউদ্দিন আহম্মদের বাড়ির কাছে বিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় গড়ে ওঠে। কিন্তু ঘর না থাকায় তখন পাঠদান শুরু করা যায়নি। এ অবস্থায় কমিটির সাবেক সভাপতি নাসির উদ্দিন বিদ্যালয়ের জন্য জমি খুঁজতে থাকেন। এ সময় মো. ইফতেখার আলম, হারুন হাওলাদার ও ইউপি চেয়ারম্যান ফেরদৌস বাহাদুর বিদ্যালয়ের জন্য কানাইনগর গ্রামে ৩৩ শতাংশ জমি কেনেন।এ খবর পেয়ে বিদ্যালয়ের কমিটির বর্তমান সভাপতি সফিউদ্দিন মাল দরিরাম শংকর গ্রামে ৩৩ শতাংশ জমি কেনেন। দুই পক্ষের জমি সংগ্রহ ও স্কুল সরানোকে কেন্দ্র করে তখন বিরোধ শুরু হয়। এ ঘটনায় নাসির উদ্দিন বাদী হয়ে আদালতে বিদ্যালয়ের কমিটির সভাপতি, শিক্ষক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিবাদী করে মামলা করেন। তাঁরা আগে যে জমি কিনেছেন, তাতে ভবন না করে বিদ্যালয়ের জন্য জমির ব্যবস্থা করার অভিযোগে মামলা হয়। এ মামলার কারণে বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হলেও তা বাতিল হয়ে যায়।কয়েকজন অভিভাবক জানান, মামলা চললেও দরিরাম শংকর গ্রামের মানুষ একত্র হয়ে ৩৩ শতাংশ জমি কেনেন। সেখানে তাঁরা কোনোমতে একটি টিনের ঘর নির্মাণ করেন। এখন এখানে ১০৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক আছেন।অভিভাবকেরা অভিযোগ করেন, সম্প্রতি বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিডিপি-২) আওতায় দুই লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ হয়। জুলাই মাসের শুরুতে কাজ আরম্ভ হয়। কিন্তু কাজ শুরুর পর আগের মামলার সূত্র ধরে বাদীপক্ষ বিদ্যালয় কর্তৃপক্ষের নামে উকিল নোটিশ পাঠায় এবং সহিংসতার অভিযোগে আরেকটি মামলা করে। এতে পুনরায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। একই কারণে এখনো পাঠদানও বন্ধ রয়েছে।প্রধান শিক্ষক ফারজানা আফরোজ জানান, পুরোনো ঘর ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য কিছুদিনের জন্য পাঠদান বন্ধ রাখা হয়েছে।মামলার বাদী নাছির উদ্দিন বলেন, ‘আমি মামলা করতে চাইনি। আমাকে বাধ্য করা হয়েছে। কারণ ইফতেখার হোসেনের কাছে বিদ্যালয়ের জন্য জমি চেয়েছিলাম। তারাই জমি দিয়েছে।’বর্তমান সভাপতি সফিউল্লাহ মাল বলেন, ইফতেখার হোসেনের স্ত্রী সাবিহা আলম সংরক্ষিত (৫, ৬ ও ৭ নম্বর) ওয়ার্ডের সদস্য। বিদ্যালয়টি তাঁর বাড়ির সামনে হলে সেটি ভোটকেন্দ্র হবে। এ জন্য কানাইনগর গ্রামে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও সেখানেই তাঁরা জমি কিনেছেন।ইফতেখার হোসেন বলেন, ‘বিদ্যালয়ের জমি নদীতে বিলীন হওয়ার পর জমি কিনেছিলাম। তখনই বর্তমান সভাপতি সফিউদ্দিন মাল বিদ্যালয়ের জন্য জমি সংগ্রহ করে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি আটকে দিলেন। আমরা আগে বিদ্যালয়ের জন্য জমি কিনেছি। আইনানুগভাবে আমরাই এটির দাবিদার।’ তিনি তাঁর স্ত্রীর ভোট পাওয়ার জন্য বিদ্যালয়ের জমি কেনার অভিযোগ অস্বীকার করেছেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফ হোসেন বলেন, গঙ্গাকির্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ, কক্ষ ও ঘর না থাকার বিষয়টি তিনি জানেন না, তবে মামলা হওয়ার বিষয়টি জানেন। মামলার রায় অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।