গ্রাহকদের অসচেতনতার সুযোগ কাজে লাগিয়ে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনে জালিয়াতির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বায়োমেট্রিক পদ্ধতি জালিয়াতির মাধ্যমে সিম নিবন্ধন করে বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সিম নিবন্ধন জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারানা হালিম বলেন, ‘একজন গ্রাহকের আঙুলের ছাপের বিপরীতে তাঁর সিমটিই নিবন্ধিত হচ্ছে কি না, সেটি নিবন্ধনের সময়েই নিশ্চিত হওয়া সম্ভব। যে যন্ত্র দিয়ে সিম নিবন্ধনের কাজটি সম্পন্ন করা হয়, সেখানেই নম্বর দেখা যায়। একটু সচেতন হলেই এ ধরনের জালিয়াতি এড়ানো সম্ভব।’
এদিকে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া এয়ারটেলের কর্মকর্তাসহ আটজনকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার পুলিশ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে এই জালিয়াতির অভিযোগে ২১ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ সিম উদ্ধার করা হয়।
তারানা হালিম বলেন, ‘এই পদ্ধতি চালু করার কারণেই এখন এসব জালিয়াত চক্রকে ধরা সম্ভব হচ্ছে। পুরো ব্যবস্থাটিকে নিশ্ছিদ্র করতেই পুলিশ আমাদের অনুরোধে দেশব্যাপী এসব অভিযান চালাচ্ছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে, সেটি ৭ জুলাই থেকে গ্রাহকদের জানাতে শুরু করবে মুঠোফোন অপারেটররা। নিবন্ধিত সিমের সংখ্যা নিয়ে যদি গ্রাহকের মনে সন্দেহ থাকে, তাহলে তা সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটরকে জানানো যাবে। অপারেটরদের গ্রাহকের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: গতকাল একই স্থানেসাইবার হামলা এবং এ-বিষয়ক আগাম সতর্কবার্তা পেতে মার্কিন বহুজাতিক সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির নিজ নিজ পক্ষে এ চুক্তি সই করেন।
তারানা হালিম বলেন, ‘এ চুক্তির ফলে সাইবার হামলার আগাম বার্তা দিয়ে মাইক্রোসফট আমাদের সহযোগিতা করবে। আগাম বার্তা পাওয়ার পর মাইক্রোসফটকে জানালে তারা পরবর্তী পদক্ষেপ নেবে।’
অনুষ্ঠানে জানানো হয়, মাইক্রোসফটের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে তিন বছরের জন্য এ চুক্তি করা হয়েছে। এ জন্য কোনো অর্থ নেওয়া হবে না।