গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর দরকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) বর্তমান আর্থিক অবস্থায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ওজোপাডিকোর কর্মকর্তারা। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানিতে জেরার মুখে তাঁরা বিষয়টি স্বীকার করেন।
ওজোপাডিকোর কর্মকর্তারা বলেছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাইকারি দাম বাড়ানোর প্রস্তাবে আতঙ্কিত হয়ে তাঁরা দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে এসেছেন। তাঁদের প্রস্তাব মূল্যায়ন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি বলেছে, বিদ্যমান পাইকারি মূল্যহার বিবেচনায় তাদের গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর দরকার নেই।
রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে এই গণশুনানি হয়। ওজোপাডিকো ২১ দশমিক ৩১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব মূল্যায়ন করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি বলেছে, বিদ্যুতের পাইকারি মূল্যহার ৫ দশমিক ১৬ শতাংশ বাড়ানো হলে ওজোপাডিকোর গ্রাহক পর্যায়ে ডিমান্ড ও সার্ভিস চার্জসহ ২ দশমিক ২৮ শতাংশ দাম বাড়াতে হবে।
এরপর গ্রাহকদের পক্ষ থেকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের (ক্যাব) উপদেষ্টা এম শামসুল আলমের জেরার জবাবে ওজোপাডিকোর কর্মকর্তারা এখন দাম বাড়ানোর প্রয়োজন নেই বলে স্বীকার করেন। তাঁরা বলেছেন, তবে তাঁদের কোম্পানির অনেক সমস্যা হয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের জবরদস্তি কর্মকাণ্ডে। এ কারণে তাঁদের ব্যয়ও অনেক বাড়ে।
এর আগে সকালে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রস্তাবিত বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বাড়ানোর ওপর শুনানি হয়। সংস্থাটি ৭০ দশমিক ৭৭ শতাংশ সঞ্চালন মূল্যহার বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি মত দিয়েছে, দেড় শতাংশ বাড়ানো যেতে পারে।
এই শুনানির সময় পিজিসিবির হিসাব-নিকাশে কারচুপির একটি ঘটনা প্রকাশ্যে চলে আসে। পিডিবি ভেঙে যখন পিজিসিবি গঠন করা হয়, তখন পিডিবির যেসব সম্পদ পিজিসিবির কাছে হস্তান্তর করা হয়েছিল, পিডিবির হিসাবে তার দাম ধরা হয়েছিল আট হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু পিজিসিবি শুরু থেকেই সম্পদের দাম দুই হাজার ২০০ কোটি টাকা বলে এসেছে।
কিন্তু গতকালের শুনানিতে কোম্পানিটি সঞ্চালন মূল্যহার বাড়ানোর যে প্রস্তাব উপস্থাপন করে, সেখানে ওই সম্পদের দাম ৮ হাজার ৫০০ কোটি টাকা উল্লেখ করা হয়। তখন সেখানে উপস্থিত পিডিবির কর্মকর্তারা বিষয়টি বিইআরসির নজরে আনেন। ক্যাবের উপদেষ্টা বিষয়টি নিয়ে পিজিসিবির কঠোর সমালোচনা করেন। তিনি প্রস্তাব করেন, পিজিসিবি তাঁদের হিসাবে বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য সাত দিনের মধ্যে বিইআরসির কাছে আবেদন করবে, অন্যথায় পিজিসিবির মূল্যহার বাড়ানোর প্রস্তাব বিবেচনা করা যাবে না। শুনানিতে অংশ নেওয়া সবাই এই প্রস্তাব সমর্থন করেন। বিইআরসিও এতে একমত পোষণ করে।
এরপর গ্রাহক প্রতিনিধি ও বিইআরসি পিজিসিবির কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, পিজিসিবি একটি অদক্ষ কোম্পানিতে পরিণত হয়েছে। সেখানে প্রয়োজনের তুলনায় জনবল অনেক বেশি। কোনো কাজেই তারা রেগুলেটরি কমিশনের অনুমোদন নেয় না।
ক্যাবের উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ পিজিসিবি বোর্ডের চেয়ারম্যান। তাই কোম্পানিটি ধরাকে সরাজ্ঞান করে। সরকারি খাতের একটি কোম্পানির এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত বলে তিনি উল্লেখ করেন।
আজ বৃহস্পতিবার সকালে পিডিবির বিতরণ অঞ্চল ও বিকেলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রস্তাবের ওপর শুনানি হবে। পিডিবি ২২ শতাংশ ও ডিপিডিসি ১৭ দশমিক ৮৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
শুনানিতে অংশ নিতে স্বতঃপ্রণোদিত হয়ে নাম তালিকাভুক্ত করা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের বেশির ভাগই শুনানিতে অংশ নিচ্ছেন না।
শুনানি কার্যক্রম পরিচালনা করেন বিইআরসির চেয়ারম্যান এ আর খান। উপস্থিত ছিলেন চার সদস্য সেলিম মাহমুদ, দেলোয়ার হোসেন, মাকসুদুল হক ও রহমান মুর্শেদ।
গত মঙ্গলবার পিডিবির পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে শুনানি হয়।