গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আরও বাড়ানোর আবদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আরও বাড়ানোর আবদার জানিয়েছে বিতরণ কোম্পানিগুলো। তাদের দাবি, বিদ্যুতের পাইকারি দামের তুলনায় গ্রাহক পর্যায়ে খুচরা দাম কম বাড়ানো হয়েছে। এতে কোম্পানিগুলোর লোকসান হওয়ায় দাম বাড়ানো দরকার।বিষয়টি নিয়ে গত অক্টোবর মাসে কোম্পানিগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে আলোচনায় বসেছিলেন। তখন বিইআরসির পক্ষ থেকে বলা হয়েছিল, বিদ্যুৎ বিলের ধাপ-সুবিধা তুলে দেওয়ায় গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কোম্পানিগুলোর হাতে বাড়তি টাকা এসেছে। এর পরও প্রয়োজন হলে এনার্জি ডেভেলপমেন্ট ফান্ড থেকে তাদের সহায়তা দেওয়া হবে।কিন্তু কয়েক দিন আগে পাঁচটি বিতরণ কোম্পানির মধ্যে চারটি দাম বাড়ানোর লিখিত প্রস্তাব বিইআরসিকে দিয়েছে। এসব প্রস্তাবে কোম্পানিভেদে ৯ থেকে ১১ দশমিক ৬৯ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দাম না বাড়ালে চলতি অর্থবছরে ওই চারটি কোম্পানিকে মোট প্রায় এক হাজার ৫৮২ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিতরণ কোম্পানিগুলোর মধ্যে ডিপিডিসি ১১ দশমিক ৩১ শতাংশ, ডেসকো ১১ দশমিক ৬৯ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৯ শতাংশ এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) সাড়ে ১০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ অঞ্চলের জন্যও দাম বাড়ানোর প্রস্তাব আগামী সপ্তাহে দেওয়া হতে পারে। এতে প্রায় ১২ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব থাকতে পারে।জানতে চাইলে বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমদাদুল হক প্রথম আলোকে বলেন, প্রস্তাব তো তাঁরা দিতেই পারেন। তবে প্রস্তাবের যৌক্তিকতা কতখানি, সেসব বিষয় কমিশন এখনো পর্যালোচনা করেনি। বিষয়টি আরও কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে। কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন (ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট) দেখতে হবে। তারপর আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিতে হবে।বিইআরসি গত ১ সেপ্টেম্বর থেকে পাইকারি ও গ্রাহক—উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায় (ঘোষণা করে ২০ সেপ্টেম্বর)। তখন গ্রাহক পর্যায়ে গড়ে ১৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে (পিডিবি থেকে বিতরণ সংস্থাগুলোর কেনায়) ১৬ দশমিক ৯২ শতাংশ দাম বাড়ানো হয়। ফলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ে ৭৫ পয়সা। পাইকারি পর্যায়ে বাড়ে ৬৮ পয়সা।ওই দাম বাড়ার পর গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম হয়েছে পাঁচ টাকা ৭৫ পয়সা। পাইকারি পর্যায়ে হয়েছে চার টাকা ৭০ পয়সা। এতে সাধারণ হিসাব অনুযায়ী, কোনো বিতরণ কোম্পানির লোকসান হওয়ার কিংবা লাভ কমার কথা নয়। অবশ্য বিতরণ কোম্পানিগুলোর সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গড় দামের হিসাব দেখে সবটা বোঝা যায় না। একেকটি কোম্পানির গ্রাহকশ্রেণী, বিতরণব্যবস্থা প্রভৃতির ভিন্নতার কারণে লাভ-লোকসানের বেশ-কম হয়।তবে বিইআরসির সূত্র জানায়, কোনো কোনো কোম্পানি তাদের উন্নয়ন কার্যক্রমের ব্যয়ও বিদ্যুতের দামের (ট্যারিফ) হিসাবে জুড়ে দিয়েছে। কিন্তু ওই ব্যয় বিদ্যুতের দামের সঙ্গে যুক্ত হবে না। এ ছাড়া বিতরণ কোম্পানিগুলোর পদ্ধতিগত লোকসানও (সিস্টেম লস) অনেক বেশি। বিদ্যুৎ মন্ত্রণালয়ের পলিসি সাপোর্ট ইউনিট-পাওয়ার সেলের সমীক্ষা ও পর্যালোচনা অনুযায়ী, বিতরণ কোম্পানিগুলো পদ্ধতিগত লোকসানের যে হিসাব প্রকাশ করে, প্রকৃত লোকসান তার চেয়ে অনেক বেশি। এখানে বিদ্যুৎ চুরির ঘটনাও প্রচুর, যা পদ্ধতিগত লোকসান হিসেবে দেখানো হয়।