গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য তিনটি বিতরণকারী সংস্থা প্রস্তাব দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে। গতকাল রোববার দেওয়া এ প্রস্তাবে আগামী ১ জুলাই থেকে মূল্যবৃদ্ধি কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।সংস্থাগুলোর সূত্র জানায়, ঢাকার প্রধান বিতরণকারী সংস্থা (ডিপিডিসি) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৫০ দশমিক ৭৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ঢাকার অপর বিতরণকারী সংস্থা ডেসকো প্রায় ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আর পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) দিয়েছে ৫৬ দশমিক ৮৬ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব।বিইআরসি আগের মতো গ্রাহকের কোনো স্বার্থের কথা বিবেচনা না করে সংস্থাগুলোর প্রস্তাবে সাড়া দিলে অতীতের সব রেকর্ড ভেঙে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫০ শতাংশের বেশি বাড়বে। এ ছাড়া পিডিবিও আজকালের মধ্যে তাদের বিতরণ এলাকার গ্রাহকদের বিদ্যুতের দাম ৫৫ থেকে ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠাবে বলে জানা গেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এখন প্রতি ইউনিট বিদ্যুতে গড়ে ৪২ পয়সা লোকসান দিচ্ছে। এই লোকসান সমন্বয় করার পাশাপাশি বিদ্যুতের পাইকারি দাম যে হারে বাড়বে আরইবি তার সমান মূল্যবৃদ্ধি চায় গ্রাহক পর্যায়ে।এর আগে গত ৬ জুন পিডিবি বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠিয়েছে। ওই প্রস্তাবে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম দুই টাকা এক পয়সা (প্রায় ৫০ শতাংশ) বাড়ানোর প্রস্তাব করেছে এবং ১ জুলাই থেকে তা কার্যকর চেয়েছে। পিডিবির ওই প্রস্তাব পাওয়ার পর বিইআরসির পক্ষ থেকে বলা হয়েছিল, পাইকারিতে এবার ৫০ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৩০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হতে পারে। সর্বশেষ গত মার্চে জ্বালানি তেলের বর্ধিত দামের সঙ্গে সমন্বয় রেখে বিইআরসি বিদ্যুতের পাইকারি দাম ইউনিটপ্রতি ২৮ পয়সা বাড়ায়।