গ্রাহক বেড়েছে ৪২ হাজার, সরবরাহ এক মেগাওয়াট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গত ৭ বছরে পল্লী বিদ্যুতের গ্রাহক বেড়েছে ৪২ হাজার। একই সময়ে বিদ্যুতের সরবরাহ বেড়েছে মাত্র ১ মেগাওয়াট। বর্তমানে উপজেলায় পল্লী বিদ্যুতের ৬৬ হাজার গ্রাহকের চাহিদা ২০ মেগাওয়াট হলেও সরবরাহ আছে ৮ মেগাওয়াট। এমন প্রেক্ষাপটে গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাগমারা উপজেলা নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন। সমিতির বাগমারার আঞ্চলিক কার্যালয় সূত্র বলছে, ২০১০ সালের এপ্রিল মাসে তাদের আওতায় আবাসিক ও অনাবাসিক মিলিয়ে গ্রাহকসংখ্যা ছিল প্রায় ২৪ হাজার। তখন বিদ্যুতের চাহিদা ছিল ১৪ মেগাওয়াট। তবে সরবরাহ ছিল তার অর্ধেক—মাত্র ৭ মেগাওয়াট। তখনই উপজেলায় অতিমাত্রায় লোডশেডিং ছিল।

পল্লী বিদ্যুৎ কার্যালয়ের নথিপত্রে দেখা যায়, ২০১০ সালের পর থেকে ৭ বছরে নতুন সংযোগ দেওয়া হয়েছে সমানে। বর্তমানে উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকসংখ্যা ৬৬ হাজার। অর্থাৎ ৭ বছরে গ্রাহক বেড়েছে ৪২ হাজার; বছরে ৬ হাজার করে নতুন গ্রাহক হয়েছে।

বর্তমানে উপজেলায় তীব্র লোডশেডিং থাকলেও নতুন সংযোগ দেওয়া অব্যাহত রয়েছে। সর্বশেষ ১৫ জুলাই উপজেলার কনোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাংসদ এনামুল হক ৭৩৫টি পরিবারের নতুন সংযোগ উদ্বোধন করেন। এদিনও উপজেলায় ১২ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল।

দাপ্তরিক হিসাব বলছে, এই ৭ বছরে উপজেলায় বিদ্যুতের সরবরাহ বেড়েছে মাত্র ১ মেগাওয়াট। ২০১০ সালে যেখানে সরবরাহ ছিল ৭ মেগাওয়াট, সেখানে এখন পাওয়া যাচ্ছে ৮ মেগাওয়াট।

বিষয়টি স্বীকার করলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, বর্তমানে বাগমারায় ৬৬ হাজার গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা ২০ মেগাওয়াট। তবে ৮ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এর ফলে গ্রাহকদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। লোডশেডিং দিতে বাধ্য হতে হচ্ছে। এরপরও ওপরের নির্দেশে নতুন নতুন সংযোগ দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।