দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সেবা প্রদানকারী কোম্পানিগুলোর মধ্যকার এবং কোম্পানিগুলোর সঙ্গে গ্রাহকের যেকোনো ধরনের বিরোধ ও অভিযোগ নিষ্পত্তির জন্য বিচারিক ক্ষমতাসম্পন্ন একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন ২০০৩ অনুযায়ী গঠিত এই ট্রাইব্যুনাল ইতিমধ্যে কার্যক্রমও শুরু করেছে।
বিষয়টি জনসমক্ষে আনার জন্য গতকাল রোববার ট্রাইব্যুনালের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান সেলিম মাহমুদ সেখানে বলেন, এখন আর এ-সংক্রান্ত কোনো বিরোধ বা অভিযোগ নিষ্পত্তির জন্য প্রচলিত আদালতের দ্বারস্থ হতে হবে না। কেউ প্রচলিত আদালতের দ্বারস্থ হলেও তা নিষ্পত্তির জন্য এই ট্রাইব্যুনালের কাছেই পাঠানো হবে। ইতিমধ্যে তাঁদের কাছে ৯৫টি বিরোধাত্মক বিষয় নিষ্পত্তির জন্য জমা আছে।
সাংবাদিক বৈঠকে বলা হয়, বিইআরসির লাইসেন্সধারী যেকোনো প্রতিষ্ঠান এবং সাধারণ গ্রাহক নিজেদের মধ্যকার যেকোনো বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে আসতে পারেন। বিরোধ বা অভিযোগের ব্যাপ্তি ও গুরুত্ব অনুযায়ী নির্ধারিত হারে ফি দিয়ে ট্রাইব্যুনালে তা দাখিল করতে হবে। এই ট্রাইব্যুনালের রায় চূড়ান্তভাবে অনুমোদন করবে বিইআরসি। এরপর এ বিষয়ে আর কোনো আদালতে আপিলের কোনো সুযোগ থাকবে না। তবে কেউ সংক্ষুব্ধ হলে হাইকোর্টে রিট করার সুযোগ তো থাকছেই।
সাত সদস্যের এই ট্রাইব্যুনালে একজন কর্মরত জেলা জজসহ দুজন আইনজ্ঞ সদস্য থাকবেন। বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে বিশেষজ্ঞ থাকবেন একজন করে এবং দুজন সদস্য থাকবেন সাধারণ পেশাজীবী (জেনারেল ব্যাকগ্রাউন্ড)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গঠিত একটি অনুসন্ধান কমিটির মাধ্যমে তিন বছরের জন্য ট্রাইব্যুনালের সদস্যরা নিযুক্ত হবেন। তবে এখন পর্যন্ত সব সদস্য নিয়োগ সম্পন্ন হয়নি। বর্তমানে চেয়ারম্যান ও দুজন সদস্য—মোখলেসুর রহমান খন্দকার ও ইমদাদুল হক ট্রাইব্যুনালের কাজে নিযুক্ত আছেন। অনুসন্ধান কমিটির সুপারিশ অনুযায়ীই তাঁরা নিয়োগ পেয়েছেন।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাংবাদিক বৈঠকে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাধারণ গ্রাহকদের নানাবিধ হয়রানিরও নিরসন করতে সহায়ক ভূমিকা রাখতে পারবে ট্রাইব্যুনাল। তিনি বলেন, বিইআরসির কাছে যেকোনো গ্রাহকের সাধারণ অভিযোগ করার সুযোগ আগে থেকেই রয়েছে। এ ধরনের অভিযোগ নিষ্পত্তির জন্য কোনো ফি দিতে হবে না। বিইআরসি যেসব বিরোধ বা অভিযোগ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে পাঠাবে, সেগুলোর ক্ষেত্রেই কেবল নির্ধারিত হারে ফি দিতে হবে। এসব বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অভিযোগকারীরা আইনজীবী নিয়োগ করতে পারবেন। আবার চাইলে নিজেও সেই ভূমিকা নিতে পারবেন।