গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ওই ব্যক্তির নাম রুহুল আমিন (৫০)। তিনি অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ইকোনোমিক্যাল ডেভেলপমেন্ট (এসেড) নামের একটি সংস্থার মালিক ও ব্যবস্থাপক।
সংস্থা সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে বাউফল পৌরসভার গোলাবাড়ি এলাকায় দুটি কক্ষ ভাড়া নিয়ে সংস্থাটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকালীন ওই সংস্থার মালিক ও ব্যবস্থাপক ছিলেন গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি। ২০০৭ সালে তিনি উধাও হলে মালিক ও ব্যবস্থাপক পদে রুহুল আমিন দায়িত্ব নেন।
আমানতকারীদের অভিযোগ, সংস্থাটি বিভিন্ন মেয়াদে দিনে সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা করে উপজেলার দেড় হাজার আমানতকারীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেছে। কার্যালয় বন্ধ হয়ে যাওয়ার খবরে শনিবার বিকেলে শত শত আমনতকারী কার্যালয় ঘেরাও করে রুহুলকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন।
খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। পরে আবদুর রশিদ নামে এক আমানতকারী রুহুল আমিনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন।
বাউফল পৌরসভার ব্যবসায়ী পরিতোষ চন্দ্র রায় বলেন, ১০ বছরে দ্বিগুণ লাভ পাওয়ার আশায় তিনি ৭৮ হাজার টাকা ওই সংস্থায় জমা রাখেন। শনিবার তিনি জানতে পারেন আমানতের টাকা ব্যবস্থাপক রুহুল আত্মসাৎ করেছেন।
একইভাবে টিটু কর্মকার ১০ হাজার, রিপন সাহা ২৭ হাজার এবং ফলবিক্রেতা শহিদুল ইসলাম ২০ হাজার টাকা জমা করেন। নির্ধারিত সময় পর দ্বিগুণ লাভ দেওয়ার কথা থাকলেও তাঁরা তা পাননি বলে অভিযোগ করেছেন।
রুহুল আমিন বলেন, ‘দেড় কোটি নয়, আমার কাছে গ্রাহকদের আমানতের ৪২ লাখ টাকা ছিল। যা খরচ হয়ে গেছে।’ বাউফল থানার এসআই লুৎফর রহমান বলেন, ওই সংস্থাটির বৈধ কোনো কাগজপত্র নেই। আদালত রুহুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।