গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে দুটি প্রতিষ্ঠান লাপাত্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠান দুটি হলো পিএমসি সোসাইটি লিমিটেড ও বাংলা মাল্টিপারপাস লিমিটেড।জানা যায়, পিএমসি সোসাইটি লিমিটেড উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের নিউ সুপার মার্কেট এবং বাংলা মাল্টিপারপাস লিমিটেড মসজিদ রোড ছালেহা মার্কেটের দ্বিতীয় তলায় অফিস নিয়ে সমবায় সমিতির নামে কার্যক্রম চালিয়ে আসছিল। প্রতিষ্ঠান দুটি বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে অধিক মুনাফা এবং কম সুদে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করে। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও গ্রাহকদের কোনো মুনাফা কিংবা ঋণ না দিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে দু-তিন মাস আগে অফিসে তালা দিয়ে উধাও হয়ে যায়। শুধু কিস্তিতে নয়, গ্রাহকদের কাছ থেকে মেয়াদি ডিপোজিটের নামেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠান দুটি।পিএমসি সোসাইটি লিমিটেডের সদস্য মো. মান্নান জানান, পিএমসির মাঠকর্মীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের সমিতির সদস্য করেন। কিস্তিতে দুই শতাধিক সদস্যের কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন মাঠকর্মীরা।বাংলা মাল্টিপারপাসের অন্যতম গ্রাহক বাসুদেব বণিক জানান, টাকা ফেরত দেওয়ার দাবিতে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা গত বছরের শেষ দিকে অফিস ঘেরাও করেন। উপজেলার তৎকালীন সমবায় কর্মকর্তা মুরাদ আহম্মদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। কিন্তু মুরাদ আহম্মদ মিরসরাই থেকে বদলি হয়ে যাওয়ায় তাঁর নির্দেশ মানা হয়নি।জানতে চাইলে বাংলা মাল্টিপারপাসের শোয়ারহোল্ডার রজত দে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকেরা আমাদের কাছে যে টাকা পাবে, তার চেয়ে বেশি টাকা আমরা ঋণ বাবদ গ্রাহকদের কাছে পাব। তাই গ্রাহকদের অর্থ ফেরত দিতে পারছি না।’ অফিস বন্ধ রাখার ব্যাপারে তিনি বলেন, ‘সাময়িক জটিলতার জন্য অফিস বন্ধ রয়েছে।’পিএমসি সোসাইটি লিমিটেডের সহসভাপতি মো. আলম জানান, গ্রাহকদের কাছ থেকে সোসাইটির সভাপতি জয়নাল আবেদীন ও সম্পাদক রনি টাকা নিয়েছেন। গ্রাহকেরা টাকার জন্য দায়ী করলে সভাপতি ও সম্পাদককে দায়ী করতে হয়।সোসাইটির সভাপতি ও সম্পাদকের মুঠোফোন নম্বর জানতে না পারায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি। যোগাযোগ করা হলে উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, পিএমসি সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং বাংলা মাল্টিপারপাস লিমিটেড কর্তৃপক্ষকে এরই মধ্যে গ্রাহকের টাকা ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।