গ্রাহকদের আমানত ফেরত দেওয়া শুরু
জয়পুরহাটের কালাই উপজেলার ‘মোহাইল সমাজ-সেবা উন্নয়ন কেন্দ্র’ নামে সেই স্বেচ্ছাসেবী সংস্থায় রাখা আমানতের টাকা অবশেষে ফেরত দেওয়া শুরু হয়েছে। বেশ কয়েক দিন আত্মগোপনে থাকার পর গতকাল শুক্রবার পুনট বাজারের প্রধান কার্যালয়ে হাজির হয়ে সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুল আলম গ্রাহকদের আমানতের টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত গ্রাহকদের আমানতের টাকা ফেরতও দেওয়া হয়।ঈদের পর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সব গ্রাহকের আমানত ফেরত দেওয়ার আশ্বাস দেন সংস্থার প্রধান। এর আগে আত্মগোপন থেকে সংস্থা প্রধানের ফিরে আসার খবরে বগুড়া ও জয়পুরহাট এলাকার শতাধিক গ্রাহক গতকাল প্রধান কার্যালয়ে ভিড় করেন। পরে গ্রাহকদের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে সংস্থার প্রধান হাবিবুল আলম গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, মাঠপর্যায়ে গ্রাহকদের মধ্যে বিতরণ করা দেড় কোটি টাকার ঋণ আদায়ে কর্মীরা ব্যর্থ হওয়ার কারণে প্রতিশ্রুতি দেওয়ার পরও নির্ধারিত তারিখে আমানতকারী গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছিলেন না। এ সময় উপস্থিত গ্রাহকেরা কবে আমানতের টাকা ফেরত পাবেন তার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানান। গ্রাহকেরা বলেন, তাঁরা মুনাফা চান না, তবে আমানতের আসল টাকা দ্রুত ফেরত চান। জবাবে সংস্থার প্রধান বলেন, গ্রাহকের এক কোটি টাকার আমানত রয়েছে এ সংস্থায়। প্রত্যেক গ্রাহকই তাঁর আমানত ফেরত পাবেন। তবে অগ্রাধিকার তালিকা তৈরির জন্য সময় দিতে হবে। ঈদের পর থেকে তালিকা ধরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া হবে। তবে গতকাল থেকেই উপস্থিত বেশকিছু গ্রাহকের আমানত ফেরত দেওয়া হয়।