গ্রাহকদের টাকা নিয়ে এনজিও উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের সঞ্চিত চার লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছে পল্লী উন্নয়ন সমিতি নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও)। এতে সমিতির অন্তত দেড় শ গ্রাহক নিজেদের সঞ্চিত অর্থ খুইয়ে বিপাকে পড়েছেন।
এলাকার কয়েকজন এবং সমিতির কয়েকজন গ্রাহক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে পল্লী উন্নয়ন সমিতি ইউনিয়নের বানাতিবাজারে কার্যালয় খুলে কাজ শুরু করে। এরপর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সংস্থাটির চার কর্মকর্তা রফিকুল ইসলাম, ফয়সাল রহমান, অসিম ও আরিফুর রহমান জরুরি ঋণসহায়তা দেওয়ার কথা বলে সমিতিতে টাকা জমা দিতে বলেন। এতে আকৃষ্ট হয়ে লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া, ছোনখোলা, গোলবুনিয়া, ধনজুপাড়া, ছোট ৫ নম্বর, নাওয়াপাড়া, মাঝের হাওলা, নয়াকাটা, পশুরবুনিয়া গ্রামের ১০০ থেকে ১৫০ জন বাসিন্দা সমিতিতে বিভিন্ন অঙ্কের টাকা জমা দেন।
ভুক্তভোগী গ্রাহকেরা জানান, সংস্থাটির ব্যবস্থাপক রফিকুল ইসলাম গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে বলেন, সমিতিতে ১০ হাজার টাকা জমা রাখলে এক লাখ টাকা, পাঁচ হাজার ২০০ টাকা রাখলে ৫০ হাজার টাকা, দুই হাজার ২০০ টাকা রাখলে ২০ হাজার টাকা ঋণ দেওয়া হবে। এতে বিশ্বাস করে লোকজন সমিতিতে টাকা জমা রাখতে শুরু করেন।
চাড়িপাড়া গ্রামের নয়ন হাওলাদার বলেন, ‘আমি ৩০ হাজার টাকা ঋণ পাওয়ার আশায় তিন হাজার ২০০ টাহা সঞ্চয় করছেলাম। বৃহস্পতিবার ঋণ দেওয়ার কথা আছেলে। হেইয়ার মধ্যে হুনি হেই অফিসের লোকজন পলাইয়া গ্যাছে।’ ছোট ৫ নম্বর গ্রামের করিম ফকির বলেন, ‘আমি, আমার দুই ভাতিজা রিপন হাওলাদার ও শাহিন হাওলাদার এবং আমার এক চাচাতো বোন রানী বেগম মিলে ১৭ হাজার টাকা জমা দেছেলাম। আমাগো কোনো রসিদ দেয় নাই। বিশ্বাস কইর‌্যা টাহাডা জমা দিছি, এ্যাহন তো হ্যাগো খোঁজই নাই।’ ধনজুপাড়া গ্রামের পিংকি বেগম বলেন, ‘২০ হাজার টাহা পাওনের আশায় দুই হাজার ২০০ টাহা জমা করছেলাম। এ্যাহন ঋণ পাওন তো দূরের কতা, ধার কইর‌্যা আনা টাহা ক্যামনে পরিশোধ করমু হেই চিন্তায় আছি।’ এভাবে চারিপাড়া গ্রামের মাসুদ ১০ হাজার ২০০ টাকা, শিপন গাজী দুই হাজার ২০০ টাকা, রিগান দুই হাজার ২০০ টাকা, কল্পনা বেগম দুই হাজার ২০০ টাকা, মাজেদা বেগম দুই হাজার ২০০ টাকা, বকুল বেগম তিন হাজার ২০০ টাকাসহ অন্তত দেড় শ লোক টাকা জমা রেখেছেন।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বানাতিবাজারে পল্লী উন্নয়ন সমিতির কার্যালয়ে গিয়ে তা তালাবদ্ধ দেখা গেছে। সমিতির লালুয়া ইউনিয়নের ব্যবস্থাপক রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি চাকরি করি না। আমার বাড়ি যশোরে।’ এ কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সমিতির অন্য তিন কর্মকর্তার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তারিকুজ্জামান বলেন, ‘আমার ইউনিয়নে এমন একটি সংস্থা কাজ করছে, তা আমি নিজেও জানতাম না। ভুক্তভোগীদের কাছ থেকে খবর পেয়ে খোঁজ নিয়ে পুরো বিষয়টি জানতে পেরেছি। আমি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানিয়েছি।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি খবরটি শুনেই ইতিমধ্যে ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।’