গ্রাহকদের টাকা নিয়ে ভুয়া সংস্থার কর্মকর্তারা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে ইউনাইটেড সোসাইটি নামের একটি ভুয়া বেসরকারি সংস্থার (এনজিও) শীর্ষ দুই কর্মকর্তা পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অর্থ আত্মসাতে সহযোগিতা করার অভিযোগে গত শনিবার বিকেলে পুলিশ প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক সাইদিল রহমান ও প্রতিষ্ঠানটিকে ভাড়া দেওয়া বাড়ির মালিক ছালেহা বেগমকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সম্পর্কে মা-ছেলে। প্রতারণার শিকার গ্রাহকদের পক্ষে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহপাড়ার বাসিন্দা মাসুদ খান বাদী হয়ে মামলা করেছেন।এজাহারে মাসুদ খান অভিযোগ করেছেন, সদর উপজেলার হিজলগাড়ি বাজারে তাঁর কম্পিউটার ও ফটোস্ট্যাটের ব্যবসা রয়েছে। ওই ব্যবসার জন্য এক লাখ টাকার প্রয়োজন হওয়ায় সম্প্রতি চুয়াডাঙ্গা শহরের এতিমখানা সড়কে অবস্থিত ইউনাইটেড সোসাইটির কার্যালয়ে যোগাযোগ করেন। এ সময় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ওই ঋণ নিতে হলে ১০ হাজার ৫২০ টাকা সঞ্চয় জমা দিতে হবে।মাসুদ ১২ জুলাই ওই টাকা জমা দেন। এরপর তাঁকে জানানো হয়, দু-এক দিনের মধ্যে টাকা আদায়ের রসিদ ও পাসবই দেওয়া হবে। ১৪ জুলাই ঋণের টাকা আনতে গিয়ে তিনি ওই প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে গ্রাহকদের ভিড় ও কার্যালয়টি বন্ধ দেখতে পান। পরে তিনি জানতে পারেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল হক ও আঞ্চলিক ব্যবস্থাপক শামীম রেজা পালিয়ে গেছেন।প্রতারণার শিকার গ্রাহকেরা অভিযোগ করেন, এক মাস ধরে ভুয়া এ প্রতিষ্ঠানটি তাঁদের ঋণ দেওয়ার কথা বলে সঞ্চয় আদায় করতে থাকে। পূর্বনির্ধারিত দিন অনুযায়ী শনিবার সকালে গ্রাহকেরা ঋণ নিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। খবরটি সব গ্রাহকের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে তাঁরা দুপুরে ওই কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এভাবে গ্রাহকদের কমপক্ষে ৩৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে কর্মকর্তারা পালিয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল হক ও আঞ্চলিক ব্যবস্থাপক শামীম রেজাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশ হেফাজতে পাঠানো ছালেহা আজাদ দাবি করেন, ‘গত ২৯ মে থেকে আমি প্রতিষ্ঠানটির কাছে মাসিক ১২ হাজার টাকায় বাড়ি ভাড়া দিই। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মিষ্টি কথায় বিশ্বাস করে আমি নিজেও প্রতি লাখে মাসিক দুই হাজার টাকা সুদের আশায় তিন লাখ টাকা জমা দিই। এ ছাড়া মোটা বেতনের লোভ দেখিয়ে আমার ছেলেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে যোগদান করালেও সে কোনো বেতন পায়নি। এখন আমার আম-ছালা দুই-ই যাওয়ার উপক্রম হয়েছে।’