গ্রাহকদের টাকা মেরে দিয়ে পালিয়েছেন কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দুই শতাধিক গ্রাহকের প্রায় ৩০ লাখ টাকা নিয়ে আল-ফালাহ সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সংস্থার কর্মকর্তারা পালিয়েছেন।
১৯ সেপ্টেম্বর গ্রাহকদের সঞ্চয়ী আমানতের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়। এর আগের দিন ১৮ সেপ্টেম্বর রাতে কার্যালয়ে তালা দিয়ে পালিয়ে যান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এরপর গত সাত দিনেও কার্যালয়টি খোলা হয়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আবু রাশেদ পালিয়ে থাকার কথা স্বীকার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর সদরের পুরাতন বাজারের পতন চৌধুরী ও সাবু চৌধুরী মার্কেটের নিচতলায় আল-ফালাহ ইসলামী ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড নামের একটি সংস্থার শাখা কার্যালয় খোলা হয়। আবু রাশেদ সংস্থাটির শাখা ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
প্রায় ১০ মাস আগে আবু রাশেদ রাতারাতি ওই সংস্থার শাখা কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে সেখানে আল-ফালাহ সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে আরেকটি সংস্থার প্রধান কার্যালয়ের সাইনবোর্ড টাঙান। তিনি উপজেলা সমবায় কার্যালয় থেকে সংস্থাটির জন্য অনুমোদনও নেন। এরপর আবু রাশেদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বনে যান। তিনি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মুনাফা ও ঋণ দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন মেয়াদের সঞ্চয়ী আমানত সংগ্রহ শুরু করেন।
সংস্থাটির গ্রাহকেরা জানান, ঋণ দেওয়ার কথা বলে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক সঞ্চয়ী আমানত সংগ্রহ করলেও তিনি ঋণ দিতে গড়িমসি করেন। এ অবস্থায় গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত নিতে গেলেও তিনি গড়িমসি শুরু করেন। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর দুই শতাধিক গ্রাহককে আমানতের টাকা ফেরত দেওয়া হবে বলে কথা দেয় সংস্থাটি। ওই দিন সকালে টাকা ফেরত নিতে গিয়ে গ্রাহকেরা কার্যালয়টি তালাবদ্ধ দেখতে পান।
মুঠোফোনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আবু রাশেদ পালিয়ে থাকার কথা স্বীকার করে বলেন, আক্কেলপুর বাজারের কয়েকজন প্রভাবশালী সংস্থাটির ১০ লাখ বেশি শেয়ার কিনতে চেয়েছিলেন। পরে তাঁরা শেয়ারের ওই টাকা দেননি। এ কারণে তিনি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারেননি।