গ্রাহকদের দ্রুত পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবার নামে জনগণকে হয়রানি না করতে পল্লী বিদ্যুৎ বোর্ডকে বলেছে সরকারি প্রতিষ্ঠানসম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি সাধারণ গ্রাহক পর্যায়ে দ্রুততম সময়ে বিদ্যুতের সংযোগ দেওয়ার সুপারিশ করেছে। ট্রান্সমিটার মেরামতের নামে গ্রাহকেরা যাতে হয়রানির শিকার না হয়, সে জন্যও সুপারিশ করা হয়।গতকাল সোমবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠানসম্পর্কিত কমিটির সভায় এসব কথা বলা হয়। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় কমিটির সদস্য বীরেন শিকদার, এস কে আবু বাকের ও মইন উদ্দীন খান বাদল অংশ নেন।সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়।সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পিডিবির বকেয়া টাকা আদায়ে দ্রুত পদক্ষেপ নিতে এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি।পিডিবির পক্ষ থেকে সভায় উত্থাপিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত ২০০৯-১০ অর্থবছরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পিডিবির দেড় হাজার কোটি টাকার বেশি বকেয়া আছে। আর এ-সংক্রান্ত অডিট আপত্তির সংখ্যা এক হাজার ৭৮০টি।ওই অর্থবছরে বিল ভাউচার না থাকায় এক কোটি ৭২ লাখ টাকার ওপর ৫১টি অডিট আপত্তি এসেছে। এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।বৈঠক শেষে কমিটির সদস্য মইন উদ্দীন খান বাদল সাংবাদিকদের জানান, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পিডিবির কয়েক হাজার কোটি টাকা বকেয়া আছে। এসব বকেয়া বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে।সভায় একজন সদস্য অভিযোগ করে বলেন, গ্রামাঞ্চলে ট্রান্সফরমার বিকল হওয়ার কথা বলে লোকজনকে ব্যাপকভাবে হয়রানি করা হচ্ছে। ট্রান্সফরমার নষ্ট হলে তা দ্রুততম সময়ে ঠিক করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কমিটি পল্লি এলাকায় ট্রান্সফরমার নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা মেরামত করে চালু করার সুপারিশ করেছে।সাধারণ গ্রাহকদের বিদ্যুতের সংযোগ দেওয়া নিশ্চিত করতে স্থানীয় সাংসদদের সঙ্গে আলোচনা করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে কাজ করার সুপারিশ করা হয়।সভায় দেশে কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অনুরূপ আরও পানিবিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কি না, সে বিষয়ে পিডিবিকে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম পরিচালনা করে একটি প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।