গ্রাহকদের ধন্যবাদ দিল গ্রামীণফোন

মুঠোফোনে পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম উপলক্ষে গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সারা দেশে গ্রামীণফোনের চার হাজার কর্মী গ্রাহকদের ধন্যবাদ জানান।
প্রতিষ্ঠানটির সবগুলো আঞ্চলিক কার্যালয় এবং ঢাকায় প্রধান কার্যালয় জিপি হাউসে প্রতিষ্ঠানটির কর্মীরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছেন। জিপি হাউসে ধন্যবাদ জানানোর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেপ্টেম্বরের মাঝামাঝি দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে গ্রামীণফোন পাঁচ কোটি গ্রাহক অর্জন করে। এ উপলক্ষে সীমিত সময়ের জন্য প্রতি ১০ সেকেন্ড পালসে পাঁচ পয়সার বিশেষ কলরেটে কথা বলার সুযোগ দেওয়া হয়। এ ছাড়া মঙ্গলবার থেকে থ্রিজি ইন্টারনেট প্যাকেজে দ্বিগুণ গতির সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোনের চিফ কমার্শিয়াল অফিসার অ্যালান বঙ্কে বলেন, এই সুযোগের আওতায় গ্রামীণফোনের থ্রিজি গ্রাহকেরা তাঁদের বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দ্বিগুণ ইন্টারনেট গতি উপভোগ করতে পারবেন। পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত গ্রাহকদের জন্য এই সুবিধা চালু থাকবে।
১৯৯৭ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে গ্রামীণফোন। ১৭ বছরে দেশের সবচেয়ে বড় ও বিস্তৃত নেটওয়ার্ক গ্রামীণফোনের। বর্তমানে সারা দেশে গ্রামীণফোনের আট হাজার ৬০০ বেস স্টেশনের মাধ্যমে ৯৯ শতাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে গেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অপারেটর হিসেবে গ্রামীণফোন সবার আগে ১৯৯৯ সালে প্রি-পেইড সেবা ও আন্তর্জাতিক রোমিং সেবা, ২০০০ সালে ওয়্যাপ সেবা, ২০০৫ সালে এজ সেবাসহ অনেক সুবিধাই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। ‘সবার জন্য ইন্টারনেট’—এ লক্ষ্যের আওতায় প্রথম কোম্পানি হিসেবে গ্রামীণফোন দেশের ৬৪টি জেলায় থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে। গ্রামীণফোনের এখনকার লক্ষ্য পাঁচ কোটি গ্রাহককে ইন্টারনেট নেটওয়ার্কে নিয়ে আসা। এ লক্ষ্যে নেটওয়ার্ক উন্নয়নে আরও বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।