গ্রাহকদের বিপুল অর্থ নিয়ে প্রতিষ্ঠান উধাও, বিক্ষোভ
মানিকগঞ্জে পাঁচ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে ‘গ্রামীণ শক্তি’ নামের একটি প্রতিষ্ঠান উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলছে। গতকাল শনিবার আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে কয়েক শ গ্রাহক জেলা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৪ সালে জেলা সমাজসেবা কার্যালয় থেকে মাসুদ রানা নামের এক ব্যক্তি ‘গ্রামীণ সংস্থা’ নামের একটি বেসরকারি সংস্থার অনুমোদন নেন। ২০১২ সালে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এমআরএ) সনদ নিয়ে অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম চালাতে থাকেন মাসুদ। ড. মুহামঞ্চদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অনুরূপ প্রতীক ব্যবহার করে জেলার বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটি বিলবোর্ড টানায়। সদর উপজেলার বানিয়াজুরী ও হাটিপাড়া এবং সিঙ্গাইরের জামশা, বালিরটেক, বাঙ্গালা, চারিগ্রাম ও মানিকনগর এলাকায় প্রতিষ্ঠানটির সাতটি শাখা কার্যালয় খোলা হয়। সর্বশেষ ২০১৩ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠানটি বিলুপ্ত করে গ্রামীণ শক্তি নামে রূপান্তর করা হয়।
পুলিশ এবং গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উচ্চ মুনাফার প্রলোভন দিয়ে দু-তিন বছরের মধ্যে শতাধিক কোটি টাকা আমানত সংগ্রহ করেন প্রতিষ্ঠানটির মালিক মাসুদ রানা। প্রথম কয়েক বছর আমানতকারীদের নিয়মিত মুনাফার টাকা পরিশোধ করা হয়। এক বছর ধরে অনিয়মিতভাবে পরিশোধ করা হয়। সর্বশেষ ১৭ এপ্রিল প্রতিষ্ঠানটির সব কটি কার্যালয়ে তালা ঝুলিয়ে মালিক এবং কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।
আমানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে গতকাল দুপুরে জেলা শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল করেন প্রতিষ্ঠানটির তিন শতাধিক গ্রাহক। এরপর তাঁরা মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই সড়কে মানববন্ধন করেন।
সদর উপজেলার হাটিপাড়া গ্রামের রহিম মীর (৭৫) জমি বিক্রি করে ওই প্রতিষ্ঠানে দুই লাখ টাকা রেখেছেন। তিনি বলেন, ‘পুলারা (ছেলেরা) ভাত-কাপড় দ্যায় না। প্রতি মাসে এক লাখে দ্যাড় (দেড়) হাজার ট্যাহা লাভ দিব হুইনা (শুনে) জমি বেইচা ট্যাহাগুলা দিছিলাম। এহন কেমনে বাঁচমু।’ যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির জামশা শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘আমি প্রায় সাত-আট মাস ধরে ওই প্রতিষ্ঠানে নেই।’
পলাতক থাকায় এ ব্যাপারে মাসুদ রানার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘গ্রামীণ শক্তি নামে একটি প্রতিষ্ঠানের মালিক আমানতকারীদের টাকাপয়সা নিয়ে পালিয়ে গেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর আমানতকারীদের টাকা উদ্ধারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’