সিলেটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মেন্দিবাগ শাখার গ্রাহকদের সাড়ে ১২ কোটি টাকার জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল বাছিত ব্যাংকের মেন্দিবাগ শাখার বরখাস্ত হওয়া ব্যবস্থাপক এ জেড নিয়াজ আহমেদ চৌধুরী ও তাঁর আত্মীয় খাবিরকে আসামি করে গতকাল সোমবার এ মামলাটি করেন।
কোতোয়ালি থানার ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, মামলাটি নথিভুক্ত করে গতকালই আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানির জন্য আগামী ২৭ আগস্ট তারিখ ধার্য করেছেন।
মামলায় বলা হয়, নিয়াজ দায়িত্বে থাকা অবস্থায় ২০০৯ সালের ১৫ মার্চ তাঁর মামাতো ভাই মুফতি খাবিরের মালিকানাধীন ভুয়া একটি নির্মাণ সংস্থার নাম দিয়ে এক হাজার টাকার একটি ব্যাংক হিসাব খোলেন। ওই হিসাবে ১১ কোটি টাকার একটি এফডিআর খোলেন। ২০১১ সালের ১২ ডিসেম্বর ১১টি বিনিয়োগ গ্রহণের অনুমতির জন্য খাবিরের স্বাক্ষরিত একটি আবেদন গ্রহণ করেন নিয়াজ। ওই বছরের ২৯ ডিসেম্বর জালিয়াতির মাধ্যমে ১৯টি বিনিয়োগ হিসাব সৃষ্টি করেন। এতে নিয়াজ ব্যাংকের মুনাফাসহ ১২ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতিসাধন করেন, যা গ্রাহকদের ছিল। ২০১২ সালের ৩১ মার্চ বাছিত যোগদানের পর ব্যাংকের নথিপত্র পর্যালোচনা করলে নিয়াজের জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।