নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি মাল্টিপারপাস কো-অপারেটিভ কোম্পানির কর্মকর্তারা গ্রাহকদের প্রায় ১২ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জমা করা টাকার দাবিতে গতকাল শনিবার দিনভর কাঁচপুরে শত শত গ্রাহক প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
কয়েকজন গ্রাহক জানান, উপজেলার কাঁচপুরে হাজি মোতালিব খান মার্কেটের চতুর্থ তলায় স্টার ডিসেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ কোম্পানি নামে প্রধান কার্যালয় খুলে দ্বিগুণ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার কাজী আহসানউল্লাহ। ফরিদ মিয়া ভাইস চেয়ারম্যান ও আবদুল হাকিম মোল্লা চেয়ারম্যান পদে ছিলেন। কাঁচপুর এলাকার দুই ব্যক্তির যোগসাজশে গ্রাহকদের সঞ্চিত টাকা হাতিয়ে নিয়ে কর্মকর্তারা চম্পট দিয়েছেন বলে একাধিক গ্রাহক অভিযোগ করেছেন।
এই প্রতিষ্ঠানের গ্রাহক আয়শা আক্তার, ফারজানা, লতিফ মিয়া, শাহ আলম মিয়া জানান, ব্যাংকের চেয়ে বেশি মুনাফার প্রতিশ্রুতি পেয়ে তাঁরা প্রতিদিন ও এককালীন টাকা সঞ্চয় করেন। কাঁচপুর শাখায় দুই হাজার গ্রাহক প্রায় ১২ কোটি টাকা জমা করেন।
গ্রাহকেরা জানান, গত বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে তালা মেরে সব কর্মকর্তা-কর্মচারী উধাও হয়ে গেছেন। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনা জানিয়ে বৃহস্পতিবারই তাঁরা জেলা সমাজসেবা কর্মকর্তাকে সঞ্চারকলিপি দেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে প্রতারকদের গ্রেপ্তার করা হবে।