আবাসিক খাতে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্য চলছে। যাঁরা পাইপলাইনের গ্যাস ব্যবহারের সুযোগ পাচ্ছেন, তাঁদের মাসিক ব্যয় ৪৫০ টাকা। আর যাঁরা তা না পেয়ে বাধ্য হয়ে এলপি গ্যাস ব্যবহার করছেন, তাঁদের মাসিক ব্যয় গ্রাহকভেদে দুই থেকে তিন হাজার টাকা।
সরকার পাইপলাইন গ্যাসের দাম বাড়িয়ে সেই টাকায় এলপি গ্যাসে ভর্তুকি দিয়ে এই বৈষম্য নিরসনের কথা বলছে ২০০৮ সাল থেকে। কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়ানোর যেসব প্রস্তাব দিয়েছে, তাতে বৈষম্য নিরসনের কথা নেই।
সরকার সম্পদমূল্য হিসাবে প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) গ্যাসের দাম ২৫ টাকা নির্ধারণের যে সিদ্ধান্ত নিয়েছে, সেই টাকা কোথায় যাবে, কীভাবে ব্যয় হবে, তা একটি প্রস্তাবেও স্পষ্ট করা হয়নি। সাধারণভাবে গ্যাসের দামের ৫৫ শতাংশ সরকারি কোষাগারে যায় সম্পূরক শুল্ক ও মূসক হিসেবে। বাকি ৪৫ শতাংশ পায় কোম্পানিগুলো। সম্পদমূল্য হিসেবে নতুন করে নির্ধারিত ২৫ টাকার ভাগাভাগিও সেইভাবে হলে কোম্পানিগুলোর মুনাফা বাড়বে। আর মূল্যবৃদ্ধির ভার বহন করতে হবে গ্রাহককে।
গ্যাস কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবের ওপর চার দিনের গণশুনানি গতকাল বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। তাতে বিদ্যমান মূল্যকাঠামোয় কোনো কোম্পানির গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজনীয়তা প্রমাণিত হয়নি। গতকাল সকালে জালালাবাদ ও বিকেলে সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর শুনানি নেয় বিইআরসি।
গত সপ্তাহে বিইআরসি বিদ্যুতের দাম বাড়ানোর শুনানি শুরু করে। তাতেও দাম বাড়ানোর যুক্তি খুঁজে পাওয়া যায়নি। বিদ্যমান আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে বিইআরসি আদেশ দেবে। শুনানিতে কিছু বিষয় স্পষ্ট না হওয়ায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছ থেকে বিইআরসি শুনানি-পরবর্তী জবাব চেয়েছে। জবাব পাওয়ার পর ৯০ কার্যদিবস হিসাব করা হবে।
বিইআরসির নির্ভরযোগ্য সূত্র জানায়, শুনানিতে যেসব যুক্তি ও তথ্য উঠে এসেছে, সেগুলো পর্যালোচনার পর তাঁরা আদেশ দেবেন। আগে যেমনটি ভাবা হয়েছিল সেভাবে আপাতত কোনো আদেশ আসছে না। অর্থাৎ গ্যাস কিংবা বিদ্যুতের দাম আপাতত বৃদ্ধির সম্ভাবনা কম।
গতকালের শুনানিতে গ্রাহকদের পক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও ‘এনার্জি প্রাইসিং’ বিষয়ের গবেষক নুরুল ইসলাম, কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের (ক্যাব) উপদেষ্টা এম শামসুল আলম, সিপিবির নেতা রুহিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, বিজিএমইএর প্রতিনিধি এবং শাহনাজ করিমসহ কয়েকজন গ্রাহক অংশ নেন।
বিইআরসির চেয়ারম্যান এ আর খান ও সদস্য সেলিম মাহমুদ, দেলোয়ার হোসেন, মাকসুদুল হক ও রহমান মুরশিদ শুনানি নেন।