দিনাজপুরের হাকিমপুর উপজেলা (বাংলাহিলি) ডাকঘরের গ্রাহকদের সঞ্চয়পত্র, ডাকটিকিট, জুডিশিয়াল স্ট্যাম্পসহ বিভিন্ন খাতের এক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। দীর্ঘদিনেও টাকা না পেয়ে গ্রাহকেরা দিশেহারা হয়ে পড়েছেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত এসব খাতের টাকা আত্মসাৎ করা হয়।টাকা আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ডাকঘরের সাবেক পোস্টমাস্টার মো. আজিজুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তাঁকে গত বছরের অক্টোবরে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলাও হয়। হাকিমপুর থানা থেকে মামলাটি দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর কার্যালয়ে ওই মাসেই স্থানান্তর করা হয়। কিন্তু আজও ওই মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়নি। এতে টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ভুক্তভোগীরা।মামলার এজাহার সূত্রে জানা গেছে, আজিজুল হক ২০০৯ সালের ২৩ জুন হাকিমপুর উপজেলা পোস্টমাস্টার হিসেবে (অতিরিক্ত দায়িত্বে) যোগ দেন। এর পর থেকে তিনি বিভিন্ন সময় ডাকঘরের গ্রাহকদের সঞ্চয়পত্রের টাকা, খাম, ডাকটিকিট, রাজস্ব, নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রির টাকা সরকারি খাতে জমা না করে আত্মসাৎ করেন। নানা সূত্র থেকে অভিযোগ পেয়ে ডাক বিভাগের দিনাজপুর কার্যালয়ের উপমহাপরিচালক গত বছরের ১৮ অক্টোবর পার্বতীপুর উপবিভাগের পরিদর্শক আবদুর রশিদুর রহমানকে তদন্ত করার নির্দেশ দেন।আবদুর রশিদুর সঞ্চয়পত্র (এফডি, এসবি) ও স্ট্যাম্প গণনা করে ১৩ লাখ ৭৯ হাজার ৯০৫ টাকা কম পান। ওই সময় তদন্তে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আজিজুল হককে ১৯ অক্টোবর টাকা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। টাকা পরিশোধ না করায় রশিদুর রহমান ২০ অক্টোবর রাতে আজিজুল হকের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ ওই রাতেই ডাকঘর থেকে তাঁকে গ্রেপ্তার করে। একই কারণে ডাক বিভাগ তাঁকে সাময়িক বরখাস্ত করে। অধিকতর তদন্তে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত মহাপরিচালক মো. মনসুর আলীকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।আমানতকারীদের পাস বই ও লেজার বই পর্যালোচনা করে দেখা যায়, উপজেলার বাসিন্দা নরেন্দ্রনাথ পাল ১০ লাখ ২৫ হাজার টাকা এফডি হিসেবে জমা রাখেন। তাঁর পাশ বইয়ে সম্পূর্ণ টাকা উঠানো হয়েছে। কিন্তু লেজার বইয়ে আর ওই পরিমাণ টাকা জমার কথা উল্লেখ করা হয়নি। সেখানে মাত্র তিন লাখ টাকা উঠানো হয়েছে। এভাবে তাঁর সাত লাখ টাকা আত্মসাৎ করা হয়।একই সঙ্গে মোস্তাফিজুর রহমান ১৫ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার স্থলে ১২ লাখ ৫৭ হাজার ৫০০, রীনা রানী পালের চার লাখ টাকার স্থলে ৬৩ হাজার, মো. মোজাম্মেল হকের সাত লাখ ৬০ হাজার টাকার স্থলে দুই লাখ ১৪ হাজার, মাসউদুর রহমানের এক লাখ ৭৫ হাজার টাকার স্থলে ২৫ হাজার, গৌরী রানী পালের তিন লাখ ৫০ হাজার টাকার স্থলে ২৫ হাজার, প্রদীপ কুমারের তিন লাখ ৪৭ হাজার টাকার স্থলে পাঁচ হাজার, রনজু কুমারের পাঁচ লাখ ৩৯ হাজার ১০০ টাকার স্থলে লেজারে মাত্র ১০০ টাকা উঠানো হয়। এমন আরও অনেক আমানতকারীর টাকা আত্মসাতের সন্ধান পাওয়া যাচ্ছে।গত বুধবার পর্যন্ত ২০ জন গ্রাহক তাঁদের সঞ্চয়পত্রের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তাঁরা অভিযোগ করেন, টাকা ফেরত চেয়ে গত বছরের অক্টোবর মাসের শেষদিকে ডাক বিভাগের কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ টাকা দিতে গড়িমসি করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং টাকা ফেরত পাওয়ার দাবিতে তাঁরা প্রধানমন্ত্রীসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।তদন্ত কমিটির সভাপতি মো. মনসুর আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজিজুল হকের বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত এখনো চলছে। ওই টাকা আজিজুল হকের কাছ থেকে উদ্ধার করে তাঁদের ফেরত দেওয়া হবে।দুদকের দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক আবদুল গাফফার বলেন, মামলাটি প্রক্রিয়াধীন আছে। তবে জনবলসংকটের কারণে এখনো তদন্ত কর্তকর্তা নিয়োগ করা সম্ভব হয়নি।