গ্রাহকের কোটি টাকা নিয়ে সংস্থার কর্মকর্তারা উধাও
সিলেটে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে ‘স্পার্ক’ নামের একটি সংস্থার কর্মকর্তারা পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার নগরের শাহপরান থানায় একজন গ্রাহক সংস্থাটির বিরুদ্ধে মামলা করেন। এর আগে গত বুধবার টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকেরা বিক্ষোভ করেন। তাঁরা সংস্থাটির এক কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরের শাহজালাল উপশহরের সি ব্লকের একটি বাসা (৪/এ) ভাড়া নিয়ে স্পার্ক গত মে মাসে কার্যক্রম শুরু করে। ঢাকার আবু সাঈদ নামের এক ব্যক্তি ওই সংস্থার প্রধান। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মাসিক ২ শতাংশ সুদে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত ঋণের বিপরীতে জামানত সংগ্রহ করতে থাকেন। গ্রাহকদের কাছ থেকে প্রত্যাশিত ঋণের ২০ শতাংশ টাকা জামানত হিসেবে রাখা হয়। এভাবে পাঁচ শতাধিক লোকের কাছ থেকে জামানত বাবদ প্রায় কোটি টাকা আদায় করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, প্রথম দফায় বুধবার ঋণের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন সকালে গ্রাহকেরা গিয়ে সংস্থাটির কার্যালয় তালাবদ্ধ দেখতে পান। এ অবস্থায় গ্রাহকেরা টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সংস্থার তত্ত্বাবধায়ক ইসমাইল হোসেনকে পেয়ে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
নগরের মিরাবাজারের ব্যবসায়ী ইয়াকুব আলী জানান, তিনি এক লাখ টাকা ঋণ নেওয়ার জন্য ২০ হাজার টাকা জামানত হিসেবে দিয়েছিলেন। কিন্তু ঋণ না দিয়েই সংস্থার লোকজন পালিয়েছেন। সেবুল মিয়া নামের এক কাপড় ব্যবসায়ী বলেন, ‘আমি দুই লাখ টাকা ঋণ নেওয়ার জন্য ওই প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জামানত দিয়েছিলাম। বুধবার সকালে ঋণ আনতে গিয়ে কার্যালয় তালাবদ্ধ দেখে বুঝতে পারি কর্মকর্তারা পালিয়ে গেছেন।’
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বুধবার কার্যালয়টি তালাবদ্ধ দেখে গ্রাহকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে গ্রাহকেরা একজন তত্ত্বাবধায়ককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গতকাল সকালে মোহামঞ্চদ শাহজাহান নামের একজন গ্রাহক আটক তত্ত্বাবধায়কসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। ওসি আরও জানান, আটক ইসমাইলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রাহক মোহাম্মদ শাহজাহান দাবি করেন, প্রতারণার শিকার হয়ে তিনি মামলা করেছেন। সংস্থার লোকজন তিনিসহ পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন।