গ্রাহকের চার কোটি টাকা নিয়ে সমিতির কার্যালয়ে তালা!
রিকশাচালক আব্বাস উদ্দিন প্রতিদিন তাঁর আয় থেকে ২০-৩০ টাকা করে বাঁচিয়ে জমা দিতেন পটিয়া প্রগতি মহিলা সমবায় সমিতিতে। ৮ শতাংশ লভ্যাংশসহ নির্দিষ্ট মেয়াদে তা ফেরত দেওয়ার কথা। কিন্তু মেয়াদ পূর্ণ হলেও সেই টাকা আর ফেরত পাচ্ছেন না আব্বাস। তাঁর টাকার পরিমাণ কম। অনেকে ওই সমিতিতে বড় অঙ্কের টাকা জমা দিয়ে বিপাকে পড়েছেন। কারণ, তাঁদের টাকাও ফেরত দেওয়া হচ্ছে না।সমবায়ের নামে এভাবে ২০ হাজারেরও বেশি গ্রাহকের প্রায় চার কোটি টাকা আমানত হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে পটিয়া প্রগতি মহিলা সমবায় সমিতির বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির কর্ণধার শিল্পী চৌধুরী। গত বুধবার রাতে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে শিল্পী চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে শিল্পী চৌধুরীর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে।স্থানীয় লোকজন জানান, গ্রেপ্তার হওয়ার আগে শিল্পী চৌধুরী সমিতির কার্যালয়ে তালা দিয়ে আত্মগোপন করেছিলেন।স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ২০০৯ সালে পিসিআই প্রা. লিমিটেড নামের অপর একটি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন উপজেলার নারীদের কাছ থেকে নানা প্রলোভনে আমানত সংগ্রহ করেছিলেন শিল্পী চৌধুরী। স্থায়ী আমানত, তিন বছরে দ্বিগুণ, এককালীন আমানত, ডিপিএস কিংবা দৈনিক সঞ্চয়সহ নানা নামে অর্থ সংগ্রহ করেন তিনি। কিন্তু গ্রাহকদের টাকা এখনো ফেরত দেননি। এরপর ২০১২ সালে প্রগতি মহিলা সমবায় সমিতি নামের আরেকটি প্রতিষ্ঠান খুলে আমানত সংগ্রহ শুরু করেন শিল্পী চৌধুরী।উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজ উল্লাহ বলেন, ‘আট মাস আগে প্রগতি আমাদের কাছ থেকে নিবন্ধন নিয়েছে। তবে পিসিআই নিবন্ধন নেয়নি। এখন নিরীক্ষা করলে বলতে পারব, তারা কাজ ঠিকমতো করছে কি না।’পিসিআই ও প্রগতির মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই দুটি প্রতিষ্ঠানের গ্রাহকসংখ্যা ২০ হাজারেরও বেশি। খোঁজ নিয়ে জানা যায়, গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করলেও তাঁদের পাওনা টাকা দেওয়া হচ্ছে না। এর ফলে ১০০ মাঠকর্মী গ্রাহকদের তোপের মুখে পড়েছেন।পটিয়ার এয়াকুবদণ্ডী এলাকার মাঠকর্মী হাসিনা আক্তার বলেন, ‘শিল্পী চৌধুরী আমাদের ছয় হাজার টাকা বেতন দেওয়ার কথা বলে গ্রাহক আনতে বলেন। আমি গত দুই মাসে ৮৬ জন গ্রাহক দিয়েছি। কিন্তু তিনি এখন গ্রাহকদের টাকা দিচ্ছেন না।’গত বুধবার সরেজমিনে দেখা যায়, পটিয়া সদরের প্রগতির কার্যালয় বন্ধ। কার্যালয়ের দোতলায় শিল্পী চৌধুরীর বাসা। বাসার সামনে ভিড় করেছেন কিছু গ্রাহক ও মাঠকর্মী।স্থানীয় লোকজন বলেন, এর আগে গত সোম ও মঙ্গলবার কিছু গ্রাহক প্রগতির পটিয়া কার্যালয়ে গিয়ে পাওনা টাকার জন্য চাপ দেন। এ সময় এক গ্রাহককে কৌশলে একটি কক্ষে আটকে তাঁর বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ আনা হয়। এই সংবাদ সংগ্রহের জন্য গেলে প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাককে মামলার হুমকি দেন শিল্পী চৌধুরী। পরে কয়েকজন গ্রাহক ও প্রথম আলোর পটিয়া প্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ দেন শিল্পী।প্রগতির মাঠকর্মী মো. এমরান ওই সময় কার্যালয়ে ছিলেন। তিনি বলেন, ‘আমাদের এক সহকর্মী কার্যালয়ের একটি কাচ ভেঙে ফেলেন। ওই সময় শিল্পী ম্যাডাম ছিলেন। পরে তা গ্রাহকদের নামে চাপানোর চেষ্টা করা হয়।’প্রগতির গ্রাহকেরা পাওনা টাকা উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া আবদুর রাজ্জাকও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।মাঠকর্মী পূর্ণিমা শর্মা বলেন, ‘আমার নিজের ১০ লাখ ৬৪ হাজার টাকা ছাড়াও সাড়ে চার হাজার গ্রাহকের ১০ লাখ টাকা নিয়ে এখন ফেরত দিচ্ছেন না শিল্পী চৌধুরী।’পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী বলেন, ‘হাজার হাজার গ্রাহকের টাকা নিয়ে এভাবে প্রতারণা করে যাচ্ছেন শিল্পী। আমি কিছুদিন আগে তাঁর কাছ থেকে বেশ কয়েকটি চেক নিয়ে কয়েকজনকে দিয়েছিলাম। কিন্তু ওই চেকগুলো পরে ডিজঅনার হয়।’