গ্রাহকের চার লাখ টাকা খোয়া গেল ব্যাংক থেকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে গতকাল মঙ্গলবার আবদুস সালাম নামের এক ব্যক্তির ৪ লাখ ২০ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, টাকা খোয়া যাওয়ার সময় ওই ব্যক্তি সিসিটিভি ক্যামেরার বাইরে ছিলেন।
আবদুস সালামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামে। তিনি তাঁর জামাতার হিসাব নম্বরে টাকা জমা দিতে এসেছিলেন।
আবদুস সালাম বলেন, ‘জামাতার হিসাব নম্বরে ৪ লাখ ২০ হাজার টাকা জমা দিতে শহরের বড় বাজারে সোনালী ব্যাংকে গিয়েছিলাম। টাকাগুলো একটি ব্যাগে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ভেতরে টেবিলের ওপর টাকা জমা দেওয়ার রসিদ লিখছিলাম। হঠাৎ পাশ থেকে একজন বলেন, “আপনার টাকা নিচে পড়ে গেছে।” তখন আমি মেঝেতে বসে পড়ি। ওই ব্যক্তি টাকার ব্যাগটি নিয়ে সটকে পড়ে। পরে তাকে আর পাওয়া যায়নি।’
ব্যাংকের ব্যবস্থাপক রশিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পরপরই সিসিটিভির ফুটেজ দেখা হয়েছে। ওই ব্যক্তি একটি ব্যাগ নিয়ে ব্যাংকে প্রবেশ করেছিলেন। ব্যাগটি তিনি একটি টেবিলে রেখেছিলেন। পরে সেখান থেকে তিনি ব্যাগ নিয়ে অন্যদিকে সরে যান। সেই স্থান সিসিটিভির আওতাভুক্ত ছিল না। তাই টাকা খোয়া যাওয়ার দৃশ্য দেখা যায়নি। বিষয়টি সাজানো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।