পাঁচ বছর শেষে আর গ্রাহক নয়, গুণগত মান নিয়ে চিন্তা করছে টেলিটক কর্তৃপক্ষ। তবে ২০০৫ সালের এই দিনে দারুণ আগ্রহ নিয়ে বাজারে আসা সরকারি এই মোবাইল ফোন অপারেটরের প্রতি এখন গ্রাহকদের আগ্রহ আর তেমন নেই। প্রত্যন্ত এলাকা তো দূরের কথা, খোদ রাজধানীর অনেক এলাকায়ই নেটওয়ার্ক পাওয়া যায় না। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে নেটওয়ার্ক বিপর্যয়ের পর টেলিটকের প্রতি গ্রাহক আগ্রহ আরও কমেছে। নাম প্রকাশে অনিচ্ছুক টেলিটকের একাধিক কর্মকর্তা জানান, বিটিসিএলের সুবিধা নিয়ে টেলিটকের গ্রাহকসেবা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া সম্ভব ছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা সব সময়ই এ প্রতিষ্ঠানের জন্য একটি বড় সমস্যা। তা ছাড়া শুরু থেকেই সিম বিক্রি ও ডিলার নিয়োগ নিয়ে অনেক কর্মকর্তাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। ২০০৮ সালে টেলিটক সংযোগ ডিলারদের সংগঠন টেলিটক বিজনেস অ্যাসোসিয়েশন টেলিটকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১৫টি সুনির্দিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করেছিল। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক (ডাক) বেগম শামছুন নাহারকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি ১১০ কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম চিহ্নিত করেছিল। কোম্পানির শুরুতেই (২০০৫-০৬) টেলিটকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুল্লাহ এবং বিপণন ও কারিগরি শাখার কর্মকর্তারা বিভিন্ন খাতের এই অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়। এদিকে ২০০৭ সালের জুন মাসে সারা দেশে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও সে কাজ এখনো সম্পন্ন হয়নি। দরপত্র জটিলতার কারণে কাজটি আটকে আছে। আবার ২০০৮ সালের শেষ থেকেই টেলিটকের নিজস্ব বেজ ট্রান্সসিভার স্টেশনের (বিটিএস) ধারণক্ষমতা শেষ হওয়ায় অন্য অপারেটরদের নেটওয়ার্কের সঙ্গে ওভারল্যাপ ঘটছে। টেলিটক সূত্রে জানা গেছে, ২০০৫ সালে কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত এক হাজার ১০০ বিটিএস স্থাপন করেছে টেলিটক। এর মধ্যে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বসানো হয়েছে প্রায় ২০০টি। বর্তমান সরকারও টেলিটককে ঢেলে সাজানোর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। টেলিটকের বর্তমান গ্রাহকসংখ্যা মাত্র ১০ লাখ ৪০ হাজার। দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা পৌনে দুই কোটি। পাঁচ বছরেও টেলিটকের নেটওয়ার্কব্যবস্থা আধুনিক হয়নি। বিদ্যুৎ চলে গেলে ঢাকার বাইরে অনেক স্থানে টেলিটকের নেটওয়ার্ক খারাপ হয়ে যায়। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, শিগগিরই চীনের সঙ্গে ঋণ নিয়ে আলোচনা সম্পন্ন হবে। এই ঋণ নেটওয়ার্ক উন্নয়নের জন্যই কাজে লাগানো হবে। পার্বত্যাঞ্চলে টেলিটকের নেটওয়ার্কের কথা উল্লেখ করে তিনি বলেন, একইভাবে দেশের অন্য সব জায়গায় টেলিটকের নেটওয়ার্ক পৌঁছে দেওয়া হবে।গত পাঁচ বছরে টেলিটকের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মজিবুর রহমান বলেন, গ্রাহক আকৃষ্ট করতে নতুন অফার নিয়ে নতুন রূপে আসবে টেলিটক। পয়লা বৈশাখ ও টেলিটকের পাঁচ বছর পূর্তি—দুইয়ে মিলে টেলিটক গ্রাহকদের চমকে দেবে। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন নতুন অফার টেলিটকের গ্রাহকসংখ্যা এক লাফে চার থেকে সাড়ে চার লাখ বাড়িয়ে দেবে।