গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে দুই ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তিন গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতির মামলায় সাবেক দুই ব্যাংক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া দুজন হলেন রূপালী ব্যাংকের চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ীর মহিলা শাখার সাবেক ব্যবস্থাপক কানিজ ফাতেমা আহমেদ ও একই শাখার কর্মকর্তা পূরবী বড়ুয়া।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিচারক রায়ের আদেশে ব্যাংক কর্মকর্তা পূরবী বড়ুয়াকে পৃথক দুই ধারায় দুই বছর করে চার বছরের কারাদণ্ড এবং ব্যবস্থাপক কানিজ ফাতেমা আহমেদকে দুই ধারায় এক বছর করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে দুটি সাজা একসঙ্গে চলবে। সেই ক্ষেত্রে একজনের দুই বছর এবং অন্যজনের এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডাদেশ পাওয়া দুজনের মধ্যে পূরবী বড়ুয়া পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে রূপালী ব্যাংকের ওই শাখার তিন গ্রাহকের ৮১ হাজার ৩০০ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ব্যাংকের ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে। অনুসন্ধান শেষে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো চট্টগ্রামের সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে ২০১১ সালের ৯ মে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।