গ্রাহকের টাকা আত্মসাৎ: তিন ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলায় তিন ব্যাংক কর্মকর্তাকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ৩৩ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ড পাওয়া তিনজন হলেন চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী এলাকায় অবস্থিত বাংলাদেশ চা–বোর্ড শাখা কৃষি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক শাহেদ হাসান, কর্মকর্তা মীর কাশেম ও ছুরত আলী।
আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কৃষি ব্যাংক চা–বোর্ড শাখার গ্রাহক আনোয়ারুল আজিমের হিসাব থেকে টাকা ১৯৯১ সালের ১২ মার্চ আসামিরা পরস্পর যোগসাজশে ছুরত আলীর হিসাবে নিয়ে যান। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো চট্টগ্রামের সহকারী পরিদর্শক এ কে এম নুরুল হুদা বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে তিন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।