গ্রাহকের টাকা নিয়ে দুই ব্যাংক কর্মকর্তা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া শাখার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক ও কোষাধ্যক্ষ কয়েক লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। অর্থ আত্মসাতের অভিযোগে পাকুন্দিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক গত বুধবার ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রামীণ ব্যাংকের ওই শাখায় বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাহকদের ভিড় দেখা গেছে। তাঁরা খবর পেয়ে জানতে এসেছেন, তাঁদের জমা দেওয়া টাকা ব্যাংকে ঠিকঠাক আছে কি না।জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের আমানতকারী পাকুন্দিয়া গ্রামের এমদাদুল হক জানান, তিনি ৫ সেপ্টেম্বর ৪৬ হাজার টাকা ও ১৫ সেপ্টেম্বর ৫১ হাজার ৩০০ টাকা ব্যবস্থাপক হাফিজুর রহমানের মাধ্যমে ব্যাংকে জমা দেন। আজ (বৃহস্পতিবার) টাকা তুলতে এসে জানতে পারেন, তাঁর ব্যাংক হিসাবে কোনো টাকা জমা হয়নি। গ্রামীণ ব্যাংক কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মো. লিয়াকত হোসেন বলেন, ২২ সেপ্টেম্বর থেকে ওই দুই কর্মকর্তা ব্যাংকে অনুপস্থিত। তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মুঠোফোনও বন্ধ। তাঁরা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা করেননি। তিনি আরও জানান, কতজন গ্রাহকের কাছ থেকে তাঁরা টাকা নিয়েছেন এবং কী পরিমাণ টাকা নিয়েছেন, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। অডিট চলছে। অডিট শেষে সঠিক পরিমাণ বলা যাবে। তবে টাকার পরিমাণ ২১ লাখ হতে পারে। অডিট শেষে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।গ্রামীণ ব্যাংক পাকুন্দিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক মো. খালেকুজ্জামান বলেন, তিনি নিজে বাদী হয়ে ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান ও কোষাধ্যক্ষ মো. বায়জিত মিয়াকে আসামি করে বুধবার পাকুন্দিয়া থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন।