‘মানুষকে ভালো সেবা দিতে হবে। গ্রাহকেরা ফোন করে বিদ্যুৎ না থাকার কারণ জানতে চাইবেন। গ্রাহককে কারণ জানাতে হবে। গ্রাহকের টেলিফোন রিসিভ না করতে পারলে চাকরি ছেড়ে চলে যান। সরকারের চাকরি করবেন, দুর্নীতিও করবেন, তা হয় না।’গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক এ মতবিনিময় সভায় বলা হয়, আসন্ন রমজান মাসে সেহরি ও ইফতারের সময়টিতে বিদ্যুতের লোডশেডিংমুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ সময় বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। আগামী ২০১৪ সালের মধ্যে দেশকে লোডশেডিং মুক্ত করার কাজ দ্রুততার সঙ্গে চলছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও মাহমুদ উস সামাদ চৌধুরী বক্তব্য দেন। সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম জাহাঙ্গীর কবির, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভুঁইয়া শফিকুল ইসলাম দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরেন।মতবিনিময় সভায় বলা হয়, দেশে বিদ্যুতের যান্ত্রিক সমস্যা সমাধানে আরও দুই হাজার নতুন ট্রান্সফরমার কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন ট্রান্সফরমার পাওয়া গেলে বিদ্যুতের এ সমস্যা অনেকটা লাঘব হবে। বিদ্যুৎ লাইনেও সমস্যা রয়েছে। তবে এসব সমস্যা সমাধানে বিদ্যুৎ লাইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, লোডশেডিং কখন হবে, কত সময় হবে সেটা আগে থেকে গ্রাহকদের জানাতে হবে। ট্রান্সফরমার মেরামত করতে হলে গ্রাহককে আগে বলে দিতে হবে, কত সময় বিদ্যুৎ থাকবে না। অর্থমন্ত্রী পর্যাপ্ত বিদ্যুৎ থাকা সাপেক্ষে পল্লী বিদ্যুতের পরিধি আরও বাড়ানো প্রয়োজন বলে মত প্রকাশ করেন।