গ্রাহকের দুই কোটি টাকা নিয়ে ম্যাক্সিমের কর্মকর্তারা উধাও
শেরপুরে প্রায় এক মাস ধরে ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেডের কর্মকর্তাদের হদিস নেই। ফলে এই শাখার পাঁচ শতাধিক গ্রাহক আমানতকৃত দুই কোটি টাকা ফেরত পাওয়া নিয়ে আতঙ্ক ও অনিশ্চয়তায় রয়েছেন।
বর্তমানে সংস্থাটির স্থানীয় কার্যালয় খোলা থাকলেও সেখানে একজন পিয়ন ছাড়া কারও দেখা মিলছে না। এটি ঢাকার পুরানা পল্টনে অবস্থিত ম্যাক্সিম গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান বলে জানা গেছে।
জেলা সমবায় কার্যালয় ও ম্যাক্সিম ফাইন্যান্স, শেরপুরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শহরের খরমপুর এলাকার জোয়াদ্দার প্লাজার দোতলায় কার্যালয় খুলে ২০০৮ সালের ১৩ আগস্ট থেকে এই প্রতিষ্ঠানটি আর্থিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ শাখার পরিচালক ও আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে মোস্তফা আমিরুজ্জামান আল ইউসুফ সাদী ও মোস্তফা আশেকুজ্জামান বুলবুল। এই প্রতিষ্ঠানের প্রধান হলেন ঢাকায় অবস্থিত ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। প্রতিষ্ঠানটির শেরপুর শাখা কার্যালয়ে পাঁচ শতাধিক গ্রাহকের স্থায়ী আমানতসহ ১৫টি প্রকল্পে দুই কোটি টাকার আমানত আছে। অপর দিকে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রাহককে প্রায় ৫৭ লাখ টাকা ঋণ দিয়েছে। অধিক হারে মুনাফার লোভ দেখিয়ে আমানতকারীদের কাছ থেকে প্রতিষ্ঠানটি আমানত সংগ্রহ করে। এমনকি গ্রাহকদের প্রলুব্ধ করতে তাঁরা বিভিন্ন আমানতের বিপরীতে উচ্চ হারে মাসিক মুনাফাও দিতেন।
কয়েকজন আমানতকারীর অভিযোগ, এক মাস ধরে তাঁরা মাসিক মুনাফাসহ আমানতের মূল টাকা উত্তোলন করতে গেলে ম্যাক্সিমের লোকজন টালবাহানা করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কার্যালয়ে আসছেন না। এমনকি মোস্তফা আমিরুজ্জামান ও মোস্তফা আশেকুজ্জামান আত্মগোপনে চলে গেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুর শহরের খরমপুরে অবস্থিত ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স কার্যালয়ে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। সেখানে শাহীন মিয়া নামে একজন পিয়ন উপস্থিত ছিলেন। অবস্থান করছিলেন টাকা তুলতে আসা প্রায় অর্ধশত গ্রাহক।
এ সময় শেরপুর শহরের খরমপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী নারায়ণ কর্মকার বলেন, ম্যাক্সিম কার্যালয়ে তিনি দুই লাখ টাকা স্থায়ী আমানত রেখেছেন। এর বিপরীতে তাঁকে প্রতি মাসে চার হাজার টাকা মুনাফা দেওয়া হচ্ছিল। কিন্তু এক মাস ধরে এই মুনাফা দেওয়া হচ্ছে না। ওই কার্যালয়ে বারবার গিয়েও কর্মকর্তাদের দেখা পাচ্ছেন না।
গৃহবধূ মাহফুজা খাতুন টাকা তুলতে না পেরে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এসব কোম্পানি আমাদের মতো গরিব মানুষের সহায়-সম্বল কেড়ে নিয়েছে।’
ওই কার্যালয়ে উপস্থিত অধিকাংশ গ্রাহক তাঁদের টাকার নিরাপত্তার জন্য সরকারি হস্তক্ষেপ কামনা করেন।
গ্রাহকদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ম্যাক্সিম ফাইন্যান্স, শেরপুর শাখা কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তফা আশেকুজ্জামান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকদের আমানতের টাকার ৯৬ লাখ দিয়ে শেরপুর শহরের মাধবপুর মহল্লায় ১৯ শতক জমি কেনা হয়েছে। ওই জমিতে ‘ম্যাক্সিম স্কুল’ নামে একটি বিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হয়েছে। তবে জমিটি নিবন্ধন করা হয়েছে ম্যাক্সিম গ্রুপের প্রধান হাবিবুর রহমানের নামে। এই জমি বিক্রি করে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া হবে বলে চেয়ারম্যান হাবিবুর রহমান কথা দিয়েছেন।’
শেরপুর জেলা সমবায় কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটি যে প্রক্রিয়ায় গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে; তা সমবায় আইন, বিধিমালা ও নিবন্ধন নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। বিষয়টি তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।