গ্রাহকের দুর্ভোগ যখন জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন ধরে প্রায় এক ফুট পানিতে ডুবে আছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নোয়াখালী কার্যালয় প্রাঙ্গণ। এতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। প্রতি বর্ষায় নোয়াখালী শহরের সার্কিট হাউস সড়কের পাশে অবস্থিত এই কার্যালয়ের সামনে পানি জমে।
গতকাল রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, কার্যালয়টির সামনে প্রধান ফটক থেকে শুরু করে ভেতরে কার্যালয়ের প্রবেশমুখে এবং আশপাশের এলাকায় পানি জমে আছে। কার্যালয়ে বকেয়া টেলিফোন বিলের খবর নিতে আসা গ্রাহক শাহ আলম প্রথম আলোকে বলেন, জেলা পর্যায়ের একটি সরকারি দপ্তরের সামনে দিনের পর দিন এভাবে পানি জমে থাকা দুঃখজনক। একটু বৃষ্টি হলেই দেখা যায়, কার্যালয়টির আশপাশে পানি থইথই করে।
কার্যালয়ের একাধিক কর্মচারী নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, আট-দশ বছর ধরে তাঁরা এই দুর্ভোগ পোহাচ্ছেন।
জানতে চাইলে বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী আবদুল গফুর প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা দূর করার জন্য এর আগে একটা প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু বরাদ্দ পাওয়া যায়নি। কয়েক দিন আগে বিষয়টি নিয়ে পুনরায় মহাব্যবস্থাপকের সঙ্গে কথা হয়েছে, এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।