গ্রাহকের বিপুল টাকা নিয়ে সমিতির কর্মকর্তারা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বসুন্ধরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তারা কয়েক শ গ্রাহকের বিপুল পরিমাণ আমানত নিয়ে আত্মগোপন করেছেন। ১২ জুন থেকে সমিতির কার্যালয় তালাবদ্ধ রয়েছে।সূত্র জানায়, হাজীগঞ্জ বাজারের দীপা ম্যানশনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ২০০৮ সাল থেকে কার্যক্রম শুরু করে বসুন্ধরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. মনির হোসেন ফরাজী প্রতিষ্ঠানের চেয়ারম্যান।উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, সর্বশেষ গত বছরের ৩০ জুনের নিরীক্ষা অনুযায়ী ওই সমিতিতে ২৪৯ জন গ্রাহকের এক কোটি ৯৭ লাখ ৭০ হাজার ২৩৩ টাকা আমানত ছিল। এর মধ্যে এক কোটি ১৫ লাখ ৮২ হাজার ৪১৪ টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। এ ছাড়া সমিতির স্থাবর সম্পত্তি আছে ৫৪ লাখ ৬৩ হাজার ৫৫৫ টাকা।তবে, গত এক বছরে এই সমিতি কী পরিমাণ আমানত সংগ্রহ করেছে, তার হিসাব সমবায় কার্যালয়ে নেই। বিভিন্ন সূত্রের ভাষ্যমতে, এক বছরে এই সমিতি আরও প্রায় এক কোটি টাকার মতো আমানত সংগ্রহ করেছে।সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৭ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী গ্রাহকদের আমানতের বিপরীতে সর্বোচ্চ ১৮ শতাংশের বেশি লাভ দেওয়া যাবে না। এ ছাড়া প্রজ্ঞাপন প্রকাশের পর কোনো সমবায় সমিতি আমানত সংগ্রহ করতে পারবে না।বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের মো. সাদ্দাম হোসেন বলেন, প্রতি লাখে মাসে আড়াই হাজার টাকা মুনাফায় তিনি ওই সমিতিতে আড়াই লাখ টাকা জমা রেখেছেন। মে মাস পর্যন্ত তিনি লাভের টাকা পেয়েছেন। এ মাসে টাকা তুলতে গিয়ে তিনি কার্যালয়টি তালাবদ্ধ দেখতে পান।একই ইউনিয়নের বাখরপাড়া গ্রামের এক নারী বলেন, তিন বছর মেয়াদে তিনি চার লাখ টাকা ওই সমিতিতে জমা রেখেছেন। প্রতি মাসে তিনি ১১ হাজার টাকা লভ্যাংশ তোলেন। কিন্তু এখন সমিতির কর্মকর্তারা উধাও হয়ে গেছেন। তিনি জানান, তাঁর অনেক আত্মীয়স্বজন ওই সমিতিতে টাকা আমানত রেখেছেন।কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা (চাঁদপুরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. ছাদেক আক্কাছ বলেন, প্রতি লাখে তিন হাজার টাকা লাভে দুই বছরের জন্য তিনি ওই সমিতিতে দুই লাখ টাকা জমা রেখেছেন। কিন্তু এক মাস লাভ দেওয়ার পর তাঁকে আর টাকা দেওয়া হয়নি।সমিতির চেয়ারম্যান মো. মনির হোসেন ফরাজীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে সেটি বন্ধ পাওয়া যায়। তবে অসমর্থিত সূত্রে জানা গেছে, তিনি বিদেশে চলে গেছেন।উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘সমিতির কার্যালয় বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা গা ঢাকা দিয়েছেন বলে শুনেছি। গ্রাহকদের সমস্যা সমাধানে সমিতির ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’ তিনি বলেন, তিনিও শুনেছেন সমিতির চেয়ারম্যান বিদেশে চলে গেছেন।হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনা আফরোজা বলেন, গ্রাহকেরা লিখিত অভিযোগ করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।