গ্রাহকের মিটার আছে বিদ্যুৎ-সংযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের হিজলডাঙ্গা গ্রামের বাসিন্দারা মিটার পেয়েছেন, কিন্তু বিদ্যুৎ-সংযোগ পাননি। এক মাস আগে মিটার পেয়েও তাঁদের ঘরে বাতি জ্বলছে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁরা বিদ্যুৎ পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিজলডাঙ্গা গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। এখানকার পশ্চিম পাড়ার ৩৭টি পরিবার যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনে কেশবপুর জোনাল অফিসের সব নিয়ম অনুসরণ করে এক মাস আগে মিটার পায়। কিন্তু এখনো মিটারে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। গ্রামের বাসিন্দা আনসার আলী বলেন, ‘আমরা এক মাস ধরে কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসে যাচ্ছি। আমাদের একেকটি তারিখ দেওয়া হচ্ছে। কিন্তু সংযোগ পাচ্ছি না।’
হিজলডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটিতে তার টানানো হয়েছে। সার্ভিস তার দিয়ে বাড়ি বাড়ি মিটার দেওয়া হয়েছে। কিন্তু ট্রান্সফরমারের ওপরের মূল লাইন থেকে সংযোগটি বিচ্ছিন্ন রাখা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, এই গ্রামের বেশির ভাগ মানুষ বিএনপির সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়তো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তবে বিপরীতে মত দিয়েছেন এই গ্রামের আইন উদ্দীন সরদার। তিনি বলেন, ‘তিন বছর আগে আমরা গ্রামে অনুষ্ঠান করে আওয়ামী লীগে যোগ দিই।’
হিজলডাঙ্গা গ্রামের পাশের গ্রাম বাউশলা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল আলম বলেন, ‘বিদ্যুৎ নেওয়ার জন্যই ওরা আমাদের দলে যোগ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই গ্রাম ছাড়াও আমাদের ইউনিয়নের অনেক জায়গা আছে, যেখানে আগে বিদ্যুৎ দেওয়া উচিত ছিল।’
গ্রামের শামছুর রহমান বলেন, ‘রাজনৈতিক কারণে বিদ্যুৎ পাচ্ছি না, এটা ঠিক নয়। আমাদের গ্রামের পাশের গ্রাম বাউশলার পুরোনো আওয়ামী লীগের লোকেরা হিংসা করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
গ্রামের গৃহবধূ শাহানারা বেগম বলেন, ‘আমরা কারও কেনা ভোটার নই। দলের আদর্শ পছন্দ করেই আমরা আওয়ামী লীগে যোগদান করি। যদি কেউ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে থাকে, সেটি ঠিক হবে না।’ তিনি বলেন, ‘দলের উপজেলা সভাপতির কাছে গিয়েছিলাম। তিনি কথা দিয়েছেন, শিগগিরই বিদ্যুতের সংযোগ দেওয়ার ব্যবস্থা করবেন।’
কেশবপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক বরকত উল্লাহ বলেন, নতুন গ্রাহকদের বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করবেন কেশবপুরের সাংসদ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। তিনি সময় দিলেই উদ্বোধন করা হবে। তবে এবারের কর্মসূচিতে বিদ্যুতের উদ্বোধন নেই। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে উদ্বোধন হচ্ছে না, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন বলেন, ‘হিজলডাঙ্গা গ্রামের লোকেরা ভালো না। আমাদের দলে যোগদান করলেও তারা দলের দৈনন্দিন কর্মকাণ্ডে সক্রিয় নয়। তবে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। তারাও বিদ্যুৎ পাবে।’