গ্লোবাল নিউওয়ে নামে একটি বহুধাপ বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান অবৈধ ব্যাংকিংয়ের মাধ্যমে অন্তত ৪০ হাজার গ্রাহকের কাছ থেকে হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করে পালিয়েছে। ছয় মাস ধরে তাদের চট্টগ্রামের কার্যালয়টি বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে সমবায় অধিদপ্তরের অনুমোদন নিয়ে চট্টগ্রামে চার-পাঁচ বছর ধরে অবৈধ ব্যাংকিং করছিল গ্লোবাল নিউওয়ে নামের একটি মাল্টিলেভেলিং প্রতিষ্ঠান। দুটি ভিন্ন প্রকল্পের একটি নিউওয়ে মাল্টিপারপাস কো-অপরাটিভ সোসাইটি লিমিটেড এবং অন্যটি গ্লোবাল নিউওয়ে নামের বহুধাপ বিপণন। গার্ডিয়ান রিয়েল এস্টেট নামের একটি অস্তিত্বহীন প্রকল্পে টাকাগুলো বিনিয়োগ করা হয় বলে গ্রাহকদের কাছে প্রচার করা হয়।
চট্টগ্রামের পাশাপাশি ঢাকায়ও নিউওয়ে আমানত সংগ্রহ করে। চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে ৩০০/এ রেবতী মোহন লেনের একটি ভবনের তৃতীয় তলায় তাদের কার্যালয়। এক বছর আগেও কার্যালয়টি সরগরম ছিল। বর্তমানে কার্যালয়টি বন্ধ।
ভবনের মালিক সিতারা গাফফার জানান, ‘নিউওয়ে হায় হায় কোম্পানি। পাঁচ-ছয় মাস ধরে তারা উধাও হয়ে গেছে। আমাদের ভাড়াও দিচ্ছে না।’ ছয় মাস আগে কর্মকর্তারা তালাবদ্ধ করে পালিয়েছেন বলে গ্রাহক ও পুলিশের অভিযোগ। এ ব্যাপারে চট্টগ্রামের চকবাজার থানা ও আদালতে পৃথক দুটি মামলা হয়েছে।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ বলেন, ‘নিউওয়ে এমএলএম প্রতিষ্ঠানটি গ্রাহকের টাকা নিয়ে পালিয়েছে। আমরা গিয়ে দেখেছি, সেখানে তালাবদ্ধ। গ্রাহকেরা এসে ফেরত যাচ্ছেন। কত টাকা নিয়ে গেছে সেটা তদন্তাধীন।’
মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সঞ্জিত কুমার দাশসহ ১২ জনকে আসামি করা হয়। ১৭ জন বিনিয়োগকারী এই মামলা করেন। একজন বিনিয়োগকারী কমপক্ষে ৫০০ জন সাধারণ গ্রাহকের প্রতিনিধি। গ্রাহকের কাছ থেকে টাকা এনে বিনিয়োগকারীরা সরাসরি প্রতিষ্ঠানের নির্ধারিত ছয়টি ব্যাংক হিসাবে জমা করতেন। মহানগর হাকিম আদালতে করা মামলায় ১৭ বিনিয়োগকারীর ১৬ কোটি টাকা নিয়ে প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়েছে বলে উল্লেখ করা হয়।
মামলার বাদী বিনিয়োগকারী মো. সোহেল বলেন, ‘আমাদের মতো প্রথম সারির বিনিয়োগকারী কমপক্ষে ৫০০ হবে। এরপর দ্বিতীয় সারির বিনিয়োগকারী হবে হাজারের বেশি। তাঁদেরও প্রত্যেকের অধীনে দুই-তিন শ ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে।’
ইফতেখারুল ইসলাম নামে প্রথম শ্রেণীর এক বিনিয়োগকারী বলেন, ‘পোশাক শ্রমিক দিনমজুরদের কাছ থেকে টাকা এনে আমরা কোম্পানির নির্ধারিত ছয়টি ব্যাংক হিসাবে টাকা জমা দিতাম। কিন্তু ছয় মাস ধরে তারা পালিয়েছে।’
যেভাবে আমানত সংগ্রহ: প্রায় ১৫ বছর ধরে নিউওয়ে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে বহুধাপ বিপণন চালু করলেও খুব একটা সাড়া ছিল না। ২০১০ সাল থেকে সুদ বেশি দেবে প্রচার করলে তাদের গ্রাহক বাড়তে থাকে। নিউওয়ে মাল্টিপারপাস কো-অপরাটিভ সোসাইটি লিমিটেড নামে প্রতিষ্ঠানের নামে প্রথমে এক বছরে জমাকৃত টাকা দ্বিগুণ করবে বলে আমানত সংগ্রহ করে। এ ক্ষেত্রে ২৫ হাজার টাকা থেকে ৫০ লাখ পর্যন্ত আমানত সংগ্রহ করা হয়। পরে তা দুই বছরে দ্বিগুণ করা হয়। এরপর তিন বছরে দ্বিগুণ করা হয়।
এ ছাড়া গ্লোবাল নিউওয়ে নামে বহুধাপ বিপণনে বিনিয়োগ করলে দৈনিক ১৮ হাজার ৩০০ টাকা এবং মাসে তিন লাখ ৬৬ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে প্রলোভন দিয়ে আমানত সংগ্রহ করে।
বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক এফ এম মোকাম্মেল হক বলেন, ‘শুধু নিউওয়ে নয়, সব ধরনের এমএলএম কোম্পানি থেকে সাবধান থাকতে আমরা নিয়মিত পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছি। তার পরও লোকজন ভুল করে। লোভে পড়ে। শেষে সবকিছু হারায়।’
মোকাম্মেল হক আরও বলেন, ‘বাংলাদেশের ব্যাংকের ছাড়পত্র ছাড়া কেউ ব্যাংকিং করতে পারে না।’ নিউওয়ে মাল্টিপারপাস কো-অপরাটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি ঢাকা থেকে সমবায় অধিদপ্তরের নিবন্ধন নিলেও চট্টগ্রামে কাজ করার জন্য কোনো ছাড়পত্র নেয়নি। এ জন্য সমবায় কার্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে নিউওয়ের অবৈধভাবে এই ব্যাংকিংয়ের প্রমাণ মিলেছে।
জেলা সমবায় কর্মকর্তা রিয়াজুল কবীর বলেন, ‘নিউওয়ে ঢাকার সমবায় দপ্তরের একটি নিবন্ধন নিয়ে এখানেও আমানত সংগ্রহ করেছিল। এটা অবৈধ। সমবায়ের নামে আমানতের (টাকা) দৃশ্যমান বিনিয়োগ দেখাতে হবে।’
এ প্রসঙ্গে বক্তব্য জানতে বারবার নিউওয়ের চেয়ারম্যান সঞ্জিত কুমার দাশ, ভাইস চেয়ারম্যান এ এস এম শামসুদোহা তৌফিক, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্কাস উদ্দিনকে বারবার ফোন করা হয়। কিন্তু তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। চেয়ারম্যান ফোন ধরেননি। পরের দুজনের মোবাইল বন্ধ পাওয়া গেছে।