
ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় স্ত্রী, সন্তান ও নিজের নামে এবং নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংকের বিভিন্ন শাখায় ২৫টি হিসাব খোলেন। পরে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সহায়তায় গ্রাহকদের হিসাব থেকে পাঠানো ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা ওই ২৫টি হিসাবে স্থানান্তর করেছেন। এসব টাকা নিজেদের হিসাবে স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিংয়ের পাশাপাশি নিজেদের নামে কেনা শেয়ারের দাম পরিশোধ করেছেন।
ব্যাংকিং নিয়মনীতির তোয়াক্কা না করে এ কাজ যিনি করেছেন, তাঁর নাম মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী)। তিনি ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান। ব্যাংকের রেকর্ডপত্র ও বাংলাদেশ ব্যাংকের নথিপত্র পর্যালোচনা করে এসব তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান দল।
এসব অভিযোগে মাহবুবুল হক চিশতী এবং তাঁর স্ত্রী-সন্তানসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে মামলা করেছে দুদক। অর্থ পাচার আইনে মামলা করার কিছুক্ষণ পর চিশতীসহ চারজনকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে সংস্থাটি। গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকের এসভিপি জিয়াউদ্দিন আহমেদ এবং ফার্স্ট প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান। এজাহারভুক্ত অন্য দুজন হলেন চিশতীর স্ত্রী রুজী চিশতী ও ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
এজাহারে বলা হয়, লেনদেনের একটি বড় অংশই হয়েছে গুলশান শাখা থেকে। ২০১৩ সালের নভেম্বর মাস থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বখশীগঞ্জ জুট স্পিনার্সের চলতি হিসাবে গুলশান শাখায় প্রায় ১৩৯ কোটি টাকা জমা হয়। এর পুরোটাই নগদে তুলে নেওয়া হয়। বাকি ২১ কোটি টাকা বিভিন্ন হিসাব থেকে লেনদেন হয়।
ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনাটি গত বছর থেকে অনুসন্ধান করছে দুদক। দুদকের অনুসন্ধানে নথিপত্রের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, গ্রাহকের ঋণের ভাগ নিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও মাহবুবুল হক চিশতী। এর মাধ্যমে দুজনের নৈতিক স্খলন ঘটেছে এবং তাঁরা জালিয়াতির আশ্রয় নিয়েছেন।
দুদকের এ মামলায় মহীউদ্দীন খান আলমগীরের নাম না থাকা প্রসঙ্গে দুদকের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জালিয়াতির ঘটনাটি অনেক বড়। আপাতত মাহবুবুল হক চিশতী ও তাঁর পরিবারের অংশটি অনুসন্ধান করে মামলা হয়েছে। অনুসন্ধানের পরের অংশে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদের সবাইকেও আইনের আওতায় আনা হবে।
এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আর্থিক খাতে জালিয়াতদের বিরুদ্ধ দুদক অনেক কঠোর। অনুসন্ধান কর্মকর্তা তাঁর অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে যে প্রতিবেদন দিয়েছেন, তার ওপর ভিত্তি করেই কমিশন মামলার অনুমোদন দিয়েছে। মামলার প্রয়োজনেই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছেন ওই কর্মকর্তা।
২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ফারমার্স ব্যাংক যাত্রা শুরুর পরই অনিয়মে জড়িয়ে পড়ে। আস্থার সংকটে আমানতকারীদের অর্থ তোলার চাপ বাড়ে। পরিস্থিতির অবনতি হলে পদ ছাড়তে বাধ্য হন মহীউদ্দীন খান আলমগীর ও মাহবুবুল হক চিশতী।
রিমান্ডে চারজন
এদিকে গ্রেপ্তার মাহবুবুল হক চিশতীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই আদেশ দেন।
আদালত সূত্র বলছে, মাহবুবুল হক চিশতীর পাঁচ দিন এবং চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকের এসভিপি জিয়াউদ্দিন আহমেদ এবং ফার্স্ট প্রেসিডেন্ট মাসুদুর রহমান খানকে চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। দুদকের পক্ষ থেকে চারজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।