গ্রাহকের ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইনস্যুরেন্সকর্মী গ্রেপ্তার
জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালীর চাটখিলে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কর্মী মো. নুরনবী ওরফে রিপনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার রাতে চাটখিল বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর নুরনবীকে গতকাল রোববার সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালত জামিন না মঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলার পরবর্তী তারিখে রিমান্ডের শুনানি হবে বলে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া নুরনবী উপজেলার দশঘরিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে এবং ওই ইনস্যুরেন্স কোম্পানির উপজেলা সমন্বয়ক ও সার্ভিসিং ইনচার্জ। নুরনবীর বিরুদ্ধে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম বাদী হয়ে আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রতারণার শিকার গ্রাহক ও চাটখিল থানা সূত্রে জানা গেছে, নুরনবী প্রায় ১৫ বছর আগে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বিমা-কর্মী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই নুরনবী বিভিন্ন অনিয়ম, জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়েন। কোম্পানি একাধিকবার নোটিশ দিয়ে নুরনবীকে সতর্ক করে।
একপর্যায়ে কোম্পানির পক্ষ থেকে নুরনবীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। যাতে তিনি বিগত ১৪ এপ্রিল ২০১১ থেকে ৩০ জুলাই ২০১২ তারিখ পর্যন্ত কোম্পানির পিআর টেম্পারিং ও ক্যাশিয়ারের স্বাক্ষর জাল করে ১৬৯ জন বিমা গ্রাহকের ৫৮ লাখ ৯১ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে সংবাদপত্রে নুরনবীর ছবিসহ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করলে তিনি আত্মগোপন করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেন, আদালতের নির্দেশে বাদীর অভিযোগ মামলা হিসেবে রুজু করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।