গ্রাহকেরা অন্ধকারে এক সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ও কুলাউড়া সদর ইউনিয়নের নয়টি গ্রামে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। এতে এলাকার প্রায় এক হাজার গ্রাহক অন্ধকারে আছেন। ঝড়ে বিদ্যুতের লাইন তছনছ হওয়ায় এই বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।এদিকে কর্মধা ইউনিয়নের লক্ষ্মীপুর থেকে গত রোববার ভোরে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।এলাকাবাসী ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল বিকালে কুলাউড়া উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে অসংখ্য কাঁচা ঘরবাড়ি, গাছপালাসহ বিদ্যুৎ সরবরাহের লাইন তছনছ হয়ে যায়। এলাকায় বিদ্যুতের পাঁচটি খুঁটি ভেঙে পড়ে। পরবর্তী সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিভিন্ন এলাকার বিদ্যুতের লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ করেছে। কিন্তু উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া, বনগাঁও-২, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর মিশন, কালিটি চা-বাগান, রাঙ্গিছড়া চা-বাগান, কালিটি চা-বাগনের ১২ নম্বর এলাকা এবং কুলাউড়া সদর ইউনিয়নের প্রতাবি ও গাজীপুরের একাংশে এখনো বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। এতে এই এলাকার প্রায় এক হাজার বিদ্যুৎ গ্রাহক এক সপ্তাহের বেশি অন্ধকারে আছেন। গত রোববার ভোররাতে কর্মধা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকা থেকে বিদ্যুৎ না থাকার সুযোগে পিডিবির ২৫০ কিলোভোল্টের একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। ফলে এ এলাকায় বিদ্যুতের সরবরাহ আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।পিডিবি কুলাউড়া আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার বলেন, ‘ঝড়-তুফানে কর্মধা এলাকাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাহকদের বলেছি সংস্কার করে নিতে।’