গ্রাহকেরা এসে দেখলেন ব্যাংকের শাখা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামের ব্যবসায়ী খাজা মিয়া সোমবার সোনালী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখায় টাকা জমা দিতে এসে দেখেন, মূল ফটকে তালা দেওয়া। শাখাটি স্থানান্তরসংক্রান্ত একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ শাখা না থাকায় তিনি দিশেহারা হয়ে পড়েন। কোনো প্রচার ছাড়াই রাতারাতি শাখাটি স্থানান্তর করায় খাজা মিয়ার মতো অসংখ্য গ্রাহক দুর্ভোগের কবলে পড়েছেন। খাজা মিয়া বলেন, ‘কার স্বার্থে শাখাটি দূরে স্থানান্তর করা হলো, তা আমাদের বোধগম্য নয়।’খোঁজ নিয়ে জানা গেছে, শহরের পার্ক রোডে অবস্থিত ব্যাংক শাখার কার্যক্রম গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন হোটেল স্কাইভিউয়ের ভাড়া করা ভবনে স্থানান্তর করা হয়েছে। পার্ক রোড থেকে হোটেলটির দূরত্ব এক কিলোমিটারের বেশি।শহরের ব্রিজ রোডের বাসিন্দা অশোক সাহা বলেন, জেলার একটি লিড ব্যাংক স্থানান্তরের জন্য কর্তৃপক্ষ মাইকিং না করায় কয়েক হাজার গ্রাহক বিপাকে পড়েন। শহরের যানজট পেরিয়ে হোটেল স্কাইভিউ থেকে টাকা নিয়ে যাতায়াত করা নিরাপদ নয়।এ বিষয়ে সোনালী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখার ব্যবস্থাপক আবদুল কুদ্দুস জানান, শাখাটি স্থানান্তরের জন্য স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সামাদ জানান, পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্দেশ্যে শাখাটি স্থানান্তর করা হয়েছে। মূল শহর থেকে একটু দূরে হলেও নিরাপত্তার কোনো সমস্যা হবে না।