নেত্রকোনা শহরের কেব্ল নেটওয়ার্কের (ডিশ অ্যান্টেনা) গ্রাহকেরা মানসমঞ্চত সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। সম্প্রতি এ ঘটনায় কয়েক শ গ্রাহক তাঁদের স্বাক্ষরসহ কেব্ল ব্যবসা নিয়ন্ত্রণকারী ফেইথ কেব্ল নেটওয়ার্কের মালিক আজিম আহমেদের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁরা সাতপাই এলাকার কেব্ল নেটওয়ার্ক ব্যবসায়ী নূরুল আলমের বিরুদ্ধে ওই অভিযোগ করেন।
সরেজমিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নেত্রকোনার ছোট বাজারে ফেইথ কেব্ল নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠান ২০০১ সাল থেকে কেব্ল ব্যবসা শুরু করে। ২০০৩ সালে প্রতিষ্ঠানটি আজিম আহমেদের নামে নিবন্ধন পায়। এ ছাড়া নূরুল আলমের নামেও কেব্ল নেটওয়ার্কের ব্যবসার নিবন্ধন আছে। কিন্তু নূরুল নিজের নিবন্ধন বাদ দিয়ে আজিমের নিবন্ধনের মাধ্যমে ব্যবসা করছেন। নূরুল আলম সাতপাই এলাকার কলেজ রোড, প্রফেসরপাড়া, দক্ষিণ, পশ্চিম ও উত্তর সাতপাই এলাকাসহ বেশ কয়েকটি অঞ্চলে আর টু কেব্ল নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কেব্ল নেটওয়ার্কের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। তিনি প্রতি মাসে গ্রাহকদের কাছ থেকে ২০০ টাকা আদায় করেন। তাও রসিদ ছাড়া। কিন্তু সেবার মান নিয়ে গ্রাহকদের মধ্যে রয়েছে প্রচণ্ড ক্ষোভ।
এলাকার অনেকে অভিযোগ করে বলেন, কোনো চ্যানেল তাঁরা ঠিকমতো দেখতে পান না। কিন্তু নূরুল মাস শেষে টাকা ঠিকই আদায় করছেন। কেব্ল নেটওয়ার্কের লোকজন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি মাঝে মাঝে তাঁরা বিভিন্ন হুমকি-ধমকিও দেন।
এলাকার গ্রাহক খোদাদাদ খান জানান, তিনি কয়েক বছর ধরে কেব্ল নেটওয়ার্ক ব্যবহার করছেন। সমস্যা হলেও কেব্ল ব্যবসায়ীর কাছ থেকে তাঁরা কোনো সমাধান পাচ্ছেন না। এ ছাড়া লিখিত আকারে অভিযোগ করার পরও কেব্ল ব্যবসায়ী টাকা নেওয়ার রসিদ তো দেন-ই না, বরং হুমকি দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক জানান, কয়েক দিন ধরে কোনো চ্যানেলই দেখতে পাচ্ছেন না। অভিযোগ করেও কোনো ফল পাননি তিনি।
পৌরসভার প্যানেল মেয়র-৩ নাসরিন বেগম বলেন, ‘আড়াই বছরের বেশি সময় ধরে এ সমস্যা হচ্ছে। কোনো প্রতিকার পাইনি। আমার নির্বাচনী এলাকায় আনুমানিক আট হাজার পরিবার রয়েছে। প্রায় প্রতিটি বাসার প্রত্যেকেই রঙিন টেলিভিশনে ডিশ ব্যবহার করে। কোনো সমস্যা হলে ডেকেও ডিশ ব্যবসায়ীদের পাওয়া যায় না। টাকা নেওয়ার সময় ঠিকই আসে।’
নূরুল আলম জানান, কিছু গ্রাহক অভিযোগ করেছেন। তাঁদের সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে। সব গ্রাহক ২০০ টাকা করে বিল দেন না। মাত্র ৪০০ গ্রাহক আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার স্টেশন স্থাপনের অনুমতি নেই। তাই অন্যের নিবন্ধনের নামে ব্যবসা করছি।’ তবে আজিম আহমেদ বলেন, ‘নূরুল আলম আমার পার্টনার। প্রায় ১০ জন পার্টনার আছে। নূরুল শুরু থেকে আমার সঙ্গে ব্যবসা করছেন। তাঁর বিরুদ্ধে নিম্নমানের সেবার অভিযোগ পেয়েছি। তাঁকে সাত দিনের মধ্যে ভালো সেবা দেওয়া এবং ভালো কর্মচারী নিয়োগের তাগিদ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’