যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুর রহমান বলেছেন, বিদ্যুৎ গ্রিডে ত্রুটি যেকোনো দেশেই দেখা দিতে পারে, তা যত উন্নত দেশ বা ‘সিস্টেম’ই হোক। কিন্তু সেই ত্রুটি যাতে সর্বব্যাপী বিপর্যয় ঘটাতে না পারে, সে জন্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ধারাবাহিকভাবে ‘সিস্টেম’ উন্নয়ন অপরিহার্য।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইসিই ভবনে গতকাল মঙ্গলবার বিকেলে ‘পাওয়ার ব্লাকআউট’ বিষয়ে আয়োজিত সেমিনারে সাইফুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, একই সঙ্গে একটি উন্নত সিস্টেম পরিচালনার জন্য যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত জনবল দরকার। যে জনবল দিয়ে তিন হাজার মেগাওয়াটের সিস্টেম চলেছে, উন্নত প্রশিক্ষণ ছাড়া সেই জনবল দিয়ে ১০ হাজার মেগাওয়াটের সিস্টেম চালানো বিপজ্জনক হতে পারে। যিনি ঘোড়ার গাড়ি চালাতেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ না দিয়ে তাঁর হাতে মার্সিডিজ বেঞ্জ গাড়ির দায়িত্ব দেওয়া ঠিক নয়।
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে একই বিভাগের সহযোগী অধ্যাপক এ হাসিব চৌধুরী বলেন, গত ১ নভেম্বরের গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে টাস্কফোর্স গঠন করা দরকার ছিল। কারণ, দেশের ক্রমবর্ধমান গ্রিড ব্যবস্থাপনার জন্য ওই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে।
এক প্রশ্নের জবাবে অধ্যাপক হাসিব বলেন, কোনো গ্রিডের জন্যই ‘আইল্যাডিং’ (সমগ্র গ্রিডকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করা) অপরিহার্য নয়। বাংলাদেশের মকো ছোট গ্রিডের জন্য নয়ই। এটা একেবারে শেষ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়। এর আগে গ্রিড সুরক্ষায় কার্যকর অনেক কিছু করণীয় আছে। কিছু জরুরি বিষয়ে সমীক্ষাসহ এ রকম আটটি সুপারিশ তুলে ধরেন তিনি।
অধ্যাপক সাইফুর রহমান ২০০৩ সালের আগস্টে যুক্তরাষ্ট্র-কানাডার গ্রিড বিপর্যয় এবং ২০১২ সালের জুলাইতে ভারতের গ্রিড বিপর্যয় সম্পর্কে তাঁর গবেষণা প্রতিবেদন সেমিনারে উপস্থাপন করেন। তাতে তিনি দেখান, যুক্তরাষ্ট্র-কানাডার ওই বিপর্যয়ের সূত্রপাত হয়েছিল ওহাইও অঙ্গরাজ্যের গ্রিড লাইনের নিচে বেড়ে ওঠা একটি গাছের জন্য। প্রায় ১৪ বছর ধরে সেখানে ওই গাছ বাড়তে বাড়তে লাইনের উচ্চতার চেয়ে আট ফুট বেশি উঁচু হয়। এই গাছের সঙ্গে লাইনের সংস্পর্শ গ্রিড বিপর্যয়ের সূত্রপাত ঘটায়।
সাইফুর রহমান বলেন, ওই গ্রিডের বিভিন্ন অংশে কর্মরত পেশাজীবীদের সুযোগ ছিল বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার। কিন্তু প্রথমে একধরনের গাফিলতি বা প্রকৃত ঘটনা বুঝতে না পারা এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিপর্যয় ঘটে যায়। ভারতের ওই বিপর্যয়ের পেছনেও পেশাজীবীদের সমন্বয়হীনতা ছিল উল্লেখ করে সাইফুর রহমান বলেন, পাঞ্জাব রাজ্যের কৃষকেরা সেদিন সেচের জন্য অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি বিদ্যুৎ নিচ্ছিলেন। ফলে ৪০০ কেভি বিনা-গোয়ালিয়র সঞ্চালন লাইনটি ওভারলোডেড হয়ে পড়ে। সেদিন শুধু সেচের বিদ্যুৎ কিছুক্ষণের জন্য বন্ধ করে দিলেই বিপর্যয় এড়ানো যেত। কিন্তু ওই সংশ্লিষ্ট আঞ্চলিক লোড ডেসপাচ সেন্টারে কর্মরতরা লাইনটি বিপজ্জনকভাবে ওভারলোডেড হওয়ার তথ্য রাজ্য লোড ডেসপাচ সেন্টারকে জানালেও সেখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং পাওয়ার সেল ও পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের কর্মকর্তারা অংশ নেন।