গ্রিডের সংস্কারকাজের জন্য বিদ্যুৎহীন নয় ঘণ্টা
নীলফামারী জেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রায় ৫০ হাজার গ্রাহক গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিলেন। ফলে বিদ্যুৎনির্ভর নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়।
পিডিবি কর্তৃপক্ষ বলেছে, বিদ্যুতের সৈয়দপুর গ্রিডে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিবছরের মতো গতকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। আগের দিন বৃহস্পতিবার এ বিষয়ে মাইকিং করে গ্রাহকদের জানানো হয়েছে।
জেলা শহরের সবুজপাড়া মহল্লার গৃহিণী মঞ্জুয়ারা বেগম বলেন, সকাল থেকে বিদ্যুৎ না থাকায় সময়মতো রান্নাবান্না করা যায়নি। পানির পাম্প চালানো যাচ্ছে না। একনাগাড়ে এত সময় বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করতে হবে কেন? প্রয়োজনে বিরতি দিয়ে দুই-তিন দিনে কাজ করলে সমস্যাটা কম হতো।
বাড়াইপাড়া মহল্লার একরামুল হক বলেন, বিদ্যুৎ ছাড়া এখন কোনো কাজই হয় না। একনাগাড়ে এত সময় সাধারণত কোনো দুর্যোগের কারণে বিদ্যুৎ থাকে না। কিন্তু মেরামতকাজে এত সময় নেবে কেন?
বাবুপাড়া মহল্লার স্কুলশিক্ষক লীনা দে বলেন, ‘বিদ্যুৎ নেই, গ্যাস শেষ হয়ে গেছে। শুক্রবার দোকান বন্ধ, গ্যাস সিলিন্ডার সংগ্রহ করা যাচ্ছে না। পানি ওঠাতে পারছি না। খুব সমস্যায় পড়েছি।’
পিডিবির জেলা নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সরকার বলেন, বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য সৈয়দপুর গ্রিড শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। তারা সকাল সাড়ে আটটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে, বিকেল ৫টা ৪০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। প্রতিবছর একবার করে এ সংস্কারকাজ করতে হয়। সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় পিডিবির প্রায় ৫০ হাজার গ্রাহক রয়েছেন।