গ্রিন ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়া ক্যাম্পাসে স্প্রিং-২০২০ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ–উপাচার্য মো. আবদুর রাজ্জাক, কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বক্তব্য দেন।
মো. গোলাম সামদানী ফকির বলেন, শিক্ষা হলো মানুষের বেড়ে ওঠার সোপান। শিক্ষাহীন মানুষ কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হতে হবে; তবেই শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল হবে। আগামী চার বছরের জন্য গ্রিন বিশ্ববিদ্যালয়কে দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
মো. আবদুর রাজ্জাক গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াকে শিক্ষার্থীদের ‘সঠিক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষাদানই গ্রিনের প্রধান লক্ষ্য। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।’ এ সময় তিনি প্রতিযোগিতার যুগে টিকে থাকতে শিক্ষার্থীদের আরও দক্ষ ও যোগ্য হয়ে ওঠার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের গ্রিন বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে আখ্যায়িত করে তাঁদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান মো. শহীদ উল্লাহ। সমাজ ও রাষ্ট্রকে সেবা দিতে শিক্ষার্থীদের সত্যিকারের জ্ঞানার্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন মো. সাইফুল ইসলাম।
লেখক: শিক্ষার্থী, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ