গ্রিন রেফ্রিজারেটর প্রকল্পের উদ্বোধন
বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম গতকাল শনিবার গাজীপুরে ওয়ালটন কারখানায় ‘গ্রিন রেফ্রিজারেটর’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, দেশে বিশ্বের আধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর তৈরি করা হচ্ছে। এটা গর্বের ও আনন্দের বিষয়।
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে কারখানা কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপমন্ত্রী প্রথমে ওয়ালটনের ‘প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার’ পরিদর্শন করেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে আবদুল্লাহ আল ইসলাম বলেন, ‘ওয়ালটন কারখানা পরিদর্শন করে আমি অভিভূত ও আনন্দিত। ওয়ালটন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করছে। টেকসই পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ায় বাংলাদেশ এখন বিশ্ব দরবারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।’
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম বলেন, পরিবেশের জন্য ক্ষতিকারক কেমিক্যাল ওয়ালটন ব্যবহার করে না।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইচ উল আলম মণ্ডল জানান, ইউএনডিপি, ইউএসএআইডি এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০১৫ সালে ফ্রিজে পরিবেশের জন্য ক্ষতিকারক এইচএফসি গ্যাসের পরিবর্তে গ্রিন গ্যাস আর৬০০এ গ্যাস ব্যবহারের প্রকল্প হাতে নেয়। ওয়ালটন এর বাস্তবায়ন করল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান প্রমুখ।